২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্যাক্টরি রিসেটেও সব মোছে না

‘ফ্যাক্টরি রিসেটে’ মুছে যায় না মোবাইল ফোনের সব ডেটা। তাত্ত্বিকভাবে ফ্যাক্টরি রিসেট করার পর মুছে যাওয়ার করা ব্যবহারকারীর সব ডেটা, রিসেট হয়ে যাওয়ার কথা মোবাইল ফোনটি। কিন্তু এমন ‘ফ্যাক্টরি রিসেট’ করা একাধিক ফোন থেকে ইমেইল, টেক্সট মেসেজ, এবং ছবি উদ্ধার করে সেই তত্ত্বকে ভুল প্রমাণিত করে দিয়েছেন চেক রিপাবলিকভিত্তিক সিকিউরিটি ফার্ম অ্যাভাস্টের গবেষকরা।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2014, 08:20 PM

Updated : 22 Aug 2022, 06:41 PM

বার্তাসংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ইবে থেকে কেনা ২০টি ‘সেকেন্ড-হ্যান্ড’ স্মার্টফোন নিয়ে গবেষণা চালাতে অ্যাভাস্টের গবেষকরা ব্যবহার করেছেন বাজারে প্রচলিত বিভিন্ন টুল।

অ্যাভাস্টের প্রতিবেদন অনুযায়ী, ‘ফ্যাক্টরি রিসেট’ করা মোবাইল ফোনগুলো থেকে উদ্ধার করা ডেটার মধ্যে ইমেইল, টেক্সট মেসেজ আর গুগল সার্চ ছাড়াও ছিল আগের ব্যবহারকারীদের তোলা ‘নগ্ন সেলফি’।

‘ফ্যাক্টরি রিসেট’ অপশনটি প্রায় সব স্মার্টফোনেই থাকে। “অ্যান্ড্রয়েড ফোন থেকে শুধু ফাইল ডিলিট করাই যথেষ্ঠ নয়। ফাইলগুলো যেন পরে রিকভার করা না যায় সে জন্য ওভাররাইট করতে হবে।”--জানিয়েছে অ্যাভাস্ট। 

এদিকে অ্যাভাস্ট পুরানো স্মার্টফোন ব্যবহার করেছে বলে দাবি করেছে গুগল। বর্তমান বাজারে প্রচলিত স্মার্টফোনগুলোতে ব্যবহৃত হচ্ছে অ্যান্ড্রয়েডের সর্বাধুনিক ভার্সন। অ্যাভাস্ট এরকম কোনো স্মার্টফোন ব্যবহার করেনি বলেই অভিযোগ গুগলের।

নিরাপত্তা নিশ্চিত করতে ‘ফ্যাক্টরি রিসেট’ করার আগে ডিভাইসের যাবতীয় ডেটা এনক্রিপ্ট করে নেওয়ার পরামর্শ দিয়েছে গুগল। অন্যদিকে আইফোনে হার্ডওয়্যার এবং ফার্মওয়্যারের জন্য বিল্ট-ইন এনক্রিপশন সুবিধা আছে আইফোন থ্রিজিএস থেকেই।