২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইফোন জাতীয় নিরাপত্তার হুমকি: চীন

মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের তৈরি আইফোনকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে আখ্যা দিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আইফোনে ব্যবহারকারীর অবস্থান ট্র্যাক করে টাইম-স্ট্যাম্প করার ফিচার থাকায় স্মার্টফোনটিকে জাতীয় নিরাপত্তার হুমকি বলে চিহ্নিত করা হয়েছে ‘সেন্ট্রাল চায়না টেলিভিশন’ (সিসিটিভি)-এর প্রতিবেদনে।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2014, 08:14 PM

Updated : 22 Aug 2022, 06:41 PM

রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, আইফোনের সমালোচনা করে সিসিটিভিতে সংবাদ প্রতিবেদন প্রচারিত হয় শুক্রবার। ওই প্রতিবেদনে এক চীনা গবেষক বলেন, “এটা খুবই স্পর্শকাতর একটি ব্যাপার। এ ধরনের ডেটা বেহাত হলে একটা দেশের পুরো অর্থনৈতিক অবস্থা, এমনকি জাতীয় গোপন বিষয়গুলো ফাঁস হয়ে যেতে পারে।”

সিসিটিভির ওই প্রতিবেদন নিয়ে এখনও আনুষ্ঠানিত কোনো প্রতিক্রিয়া জানায়নি অ্যাপল।

চীনের রাষ্ট্রীয় মিডিয়া কর্তৃক অ্যাপল পণ্য ও প্রযুক্তি সমালোচনার ঘটনা এটাই প্রথম নয়। মার্কিন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একাধিকবার চীনের নাগরিকদের ব্যক্তিগত ডেটা মার্কিন গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়ার অভিযোগ করেছে চীনের সংবাদমাধ্যমগুলো। পাশাপাশি সমালোচনার মুখে পরেছে অ্যাপলের দুর্বল কাস্টোমার সার্ভিসও।

চীনের বাজারে রাষ্ট্রীয় প্রতিবন্ধকতার মুখে পড়া একমাত্র প্রতিষ্ঠান নয় অ্যাপল। চীনে আরেক ওয়েব জায়ান্ট গুগলের সেবা বিঘ্নিত হয়েছে টানা এক মাস। দেশটির বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ব্যবহৃত কম্পিউটারে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের তৈরি উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম নিষিদ্ধ করা হয়েছে ২০১৪ সালেই।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর অনৈতিকভাবে বিশ্বব্যাপী সাধারণ ব্যবহারকারীদের ডেটা সংগ্রহ করার ঘটনা সাবেক এনএসএ ঠিকাদার এডওয়ার্ড স্নোডেন ফাঁস করে দেওয়ার পর প্রবল নেতিবাচক প্রতিক্রিয়ার মুখে পরেছিল হার্ডওয়্যার নির্মাতা সিসকো সিস্টেমস ইনকর্পোরেটেড এবং আইবিএম।