ঝুঁকিপূর্ণ ফ্ল্যাশ আপগ্রেডে অ্যাপল
পুরোনো এবং ঝুঁকিপূর্ণ ফ্ল্যাশ প্লাগ-ইন ব্লক করছে অ্যাপল। প্রতিষ্ঠানটি এই প্রক্রিয়ায় ম্যাক ব্যবহারকারীদের পুরোনো ফ্ল্যাশ প্লেয়ার আপগ্রেড করাচ্ছে।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, মার্কিন এই প্রযুক্তি জায়ান্টের ম্যাক ব্যবহারকারীরা সাফারি ব্রাউজারের মাধ্যমে অ্যাডোবি ফ্ল্যাশ-চালিত সাইটগুলোতে প্রবেশ করতে পারছেন না।
এই প্রসঙ্গে বৃহস্পতিবার অ্যাপল জানিয়েছে, যারা পুরোনো ফ্ল্যাশ সংস্করণ দিয়ে সাফারির মাধ্যমে ফ্ল্যাশ কন্টেন্ট দেখতে চেষ্টা করবেন তারা হয়ত ‘ব্লকড প্লাগ-ইন’ অথবা ‘ফ্ল্যাশ সিকিউরিটি অ্যালার্ট’ বা ‘ফ্ল্যাশ আউট-অফ-ডেট’ –এর মতো এরর মেসেজ দেখতে পাবেন এবং কন্টেন্টটি দেখতে পারবেন না।
নিজস্ব ব্যবহারকারীদের নিরাপত্তাজনিত ঝুঁকি থেকে রক্ষার জন্যই অ্যাপল এই উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে সিনেট। সাইটটির তথ্য অনুসারে মঙ্গলবার অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ারের গুরুত্বপূর্ণ একটি আপডেট লঞ্চ করেছে। প্লেয়ারটির আগের সংস্করণে নিরাপত্তা ত্রুটি ছিল, যার মাধ্যমে ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিতে সম্ভব ছিল। নতুন আপডেটে সে নিরাপত্তা ত্রুটিটি সংশোধন করা হয়েছে।
সাফারি ব্যবহারকারীরা মেসেজের ডাউনলোড বাটনে ক্লিক করে নতুন সংস্করণটিতে আপডেট করতে পারবেন। ম্যাক ব্যবহারকারী ছাড়াও উইন্ডোজ, লিনাক্স এবং অ্যাডোবি এয়ার পণ্যের ব্যবহারকারীদের ফ্ল্যাশ প্লেয়ারও আপডেটের অনুরোধ জানানো হয়েছে বলেই জানিয়েছে সিনেট।
