২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘শাইলক’-কে থামাল এনসিএ

বিশ্ব সাইবার সিকিউরিটির জন্য  হুমকি হয়ে দাঁড়ানো ম্যালওয়ার ‘শাইলক’-কে ঠেকিয়ে দিয়েছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2014, 07:41 PM

Updated : 22 Aug 2022, 06:41 PM

নেটওয়ার্কের জন্য হুমকি স্বরূপ এই ম্যালওয়ারটি বিশ্বজুড়ে প্রায় ৩০ হাজার কম্পিউটারে সংক্রমণ ঘটিয়েছে বলে জানিয়েছে বিবিসি। তবে ম্যালওয়্যারটির সংক্রমণের সিংহভাগ ভূক্তভোগীই যুক্তরাজ্যের নাগরিক।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মূলত ব্যবহারকারীদের ব্যাংক অ্যাকাউন্টই ম্যালওয়্যারটির মূল লক্ষ্য বস্তু।

শাইলক ঠেকাতে নেদারল্যান্ডসের দ্য হেগের সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের সঙ্গে জোট বেঁধে কাজ করেছে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থাগুলো। এনসিএর ন্যাশনাল সাইবার সিকিউরিটি ইউনিটের সহ-পরিচালক অ্যান্ডি আর্চিবল্ড বলেন, “বিশ্বব্যাপী সাধারণ ব্যবহারকারী এবং ব্যবসা প্রতিষ্ঠানকেকে এই সাইবার হুমকি থেকে রক্ষা করতে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করছে এনসিএ।”

শেক্সপিয়ারের ‘দ্য মার্চেন্ট অফ ভেনিস’-এর শাইলক চরিত্রটি অবলম্বনে ম্যালওয়্যারটির নামকরণ করেছে এর নির্মাতা। উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত কম্পিউটারগুলো শিকার হয়েছে শাইলক সংক্রমণের।  এনসিএ শাইলক নিয়ন্ত্রণকারী সার্ভারগুলো দখল করে নিয়েছে বলেই জানিয়েছে বিবিসি।