নতুন রুপে স্যামসংয়ের অ্যাপস্টোর
নতুন ফিচার, অ্যাপ্লিকেশন এবং ইন্টারফেইস নিয়ে নতুন করে যাত্রা শুরু করেছে স্যামসাংয়ের অ্যাপ স্টোর। নাম পাল্টে দক্ষিণ কেরিয়ান টেক জায়ান্টের অ্যাপ স্টোরটি এখন ‘গ্যালাক্সি অ্যাপস’।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, স্যামসাং নিজস্ব অ্যাপ স্টোর রি-ব্র্যান্ডিং করে গুগল প্লে’র গ্রাহকদের নিজেদের সেবার আওতায় নিয়ে আসতে চাইছে। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার নিজেদের নাম পরিবর্তনের মাধ্যমে টেক জায়ান্ট স্যামসাং গুগল প্লে এর বিপরীতে সরাসরি প্রতিযোগিতায় নামবে ।
নতুন নামের সঙ্গে নিজেদের ব্র্যান্ডিং এবং ইন্টারফেইসেও পরিবর্তন আনছে স্যামসাং। যোগ হয়েছে কয়েকশ’ নতুন অ্যাপ । নতুন অ্যাপ স্টোরের বিভিন্ন সেবা ব্যবহারের সুযোগ পাবেন স্যামসাংয়ের তৈরি মোবাইল ডিভাইস ব্যবহারকারীরা।
স্যামসংয়ের গ্যালাক্সি ডিভাইসগুলোর জন্য অ্যাপ স্টোরে আছে ‘ফর গ্যালাক্সি’ ক্যাটাগরি। এই ক্যাটাগরির অ্যাপগুলোকে ভাগ করা হয়েছে গ্যালাক্সি গিফটস, গ্যালাক্সি এসেনশিয়ালস, অ্যাপস ফর প্রফেশনালস এবং গ্যালাক্সি স্পেশাল এই চার ভাগে।
গ্রাহকদের মোবাইল ডিভাইস ইচ্ছে মতো কাস্টোমাইজ করার সুবিধা দেওয়ার জন্যই আমূল এই পরিবর্তন-- বলে জানিয়েছে স্যামসাং।
বাজারে স্যামসাং পণ্যের আধিপত্য অনেকাংশেই গুগলের তৈরি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের উপর নির্ভরশীল। অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীরা বিভিন্ন অ্যাপ আর সেবার জন্যে এখন পর্যন্ত গুগল প্লের উপর নির্ভরশীল। স্যামসাংয়ের গ্যালাক্সি ডিভাইস ব্যবহারকারীরা ‘গ্যালাক্সি অ্যাপস’-এর উপর নির্ভরশীল হলে এর প্রভাব পড়তে পারে প্লে স্টোরের উপর।
গুগল ও স্যামসাং একে অপরকে বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করলেও বাজার টিকিয়ে রাখার প্রতিযোগিতাটাই দুই টেক প্রতিষ্ঠানের কাছে মুখ্য হয়ে উঠতে পারে বলেই জানিয়েছে ম্যাশএবল।
