ব্রেইনওয়েভে গুগল গ্লাস নিয়ন্ত্রণ!
গুগল গ্লাস হ্যাক করে বেইনওয়েভ দিয়েই ডিভাইসটি নিয়ন্ত্রণের অ্যাপ ‘মাইন্ডআরডিআর’ বানিয়ে বসেছে লন্ডনভিত্তিক স্টার্টআপ ‘দিস প্লেস’। অভিনব অ্যাপটির বদৌলতে নাকি গুগল গ্লাস নিয়ন্ত্রণ করা যাবে পেশী না নাড়িয়েও।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, স্মার্টগ্লাসটিকে একটি ইলেকট্রোএনসেফালোগ্রাফি (ইইজি) হেডসেটের সঙ্গে জুড়ে দিয়ে মস্তিষ্কের তরঙ্গ দিয়েই নিয়ন্ত্রণের প্রযুক্তি উদ্ভাবন করেছে স্টার্টআপ প্রতিষ্ঠান।
তবে নতুন প্রযুক্তি একেবারেই সমর্থন করছে না গুগল। “গুগল গ্লাস কোনোভাবেই আপনার মনের কথা বুঝতে পারে না। গ্লাসের সঙ্গে বাড়তি একটা ডিভাইস জুড়ে দিয়ে কাজ করে নতুন অ্যাপটি। আমরা অ্যাপটি রিভিউ করে দেখেনি, কোনোভাবেই সমর্থনও করছি না, তাই অ্যাপস্টোরেও নেই অ্যাপটি।”
গুগল গ্লাসের সঙ্গে ইইজি হেডসেট আর মাইন্ডআরডিআর অ্যাপ দিয়ে আপাতত কেবল ছবি তুলে সোশাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন একজন ব্যবহারকারী। “গুগল গ্লাসের আসল সম্ভাবনা ব্যবহারকারীদের কাছে উন্মোচন করার জন্য ডিভাইসটি কেবল চিন্তার মাধ্যমে নিয়ন্ত্রণের সুযোগ করে দিয়েছি আমরা।”--বলেছেন দিস প্লেসের সিইও ডাস্টিন হ্যামলিন।
