টেলিভিশনে দেখা যাবে মোবাইলের স্ক্রিন
গুগলের ক্রোমকাস্ট অ্যাপটির সাহায্যে স্মার্টফোনের স্ক্রিনটি টেলিভিশনে দেখতে পারবেন অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও ট্যাবলেট ব্যবহারকারীরা। তবে টেলিভিশনে প্লাগ ইন করতে হবে ক্রোমকাস্ট এর ডঙ্গলটি।
এ সপ্তাহেই ক্রোমকাস্টের আপডেটটি বের হচ্ছে বলে জানিয়েছে গুগল। এর আগে কিছু নির্দিষ্ট ক্রোমকাস্ট সাপোর্টেড অ্যাপেই এই ফিচারটি ব্যবহার করা যেত। তবে আপডেটেড ক্রোমকাস্ট অ্যাপটির মাধ্যমে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সবধরনের অ্যাপ, ছবি, ভিডিও ফুটিয়ে তোলা যাবে টেলিভিশনের পর্দায়।
ফিচারটি ব্যবহার করতে টেলিভিশনে প্লাগ-ইন করতে হবে ক্রোমকাস্ট ডঙ্গল, মুল্য ৩৫ ডলার। এরপর স্মার্টফোনে ক্রোমকাস্ট অ্যাপটি চালু করে মেনু থেকে ‘কাস্ট স্ক্রিন’ অপশনটিতে টাচ করলেই টেলিভিশনে দেখা যাবে পছন্দের ছবিটি।
প্রাথমিকভাবে নেক্সাস ৪ ও ৫, স্যামসাং এর গ্যালাক্সি এস ৪ ও এস ৪, এইচটিসি ওয়ান এম ৭, এলজি জি ২ ও জি ৩ এবং নেক্সাস ৭ ট্যাবলেটে ব্যবহার করা করা যাবে ক্রোমকাস্ট। ভবিষ্যতে অন্যান্য ডিভাইসগুলোতে ব্যবহারযোগ্যে আপডেটও বের হবে জানিয়েছে গুগল।
জুনে অনুষ্ঠিত গুগল আই/ও সম্মেলনে ফিচারটির প্রথম ঘোষনা দেওয়া হয়, জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল।
