২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্যামসাংয়ের ভিআর হেডসেটের ছবি ফাঁস!

টেক জায়ান্ট স্যামসাং ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট তৈরি করছে; প্রযুক্তি বাজারে এমন গুঞ্জন শোনা যাচ্ছে মে মাস থেকে। এবার সেই তথাকথিত ‘গিয়ার ভিআর’-এর ছবি ফাঁস হওয়ায় স্যামসাংয়ের ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট আলোচনায় যোগ হয়েছে নতুন মাত্রা।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2014, 07:20 PM

Updated : 22 Aug 2022, 06:41 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, স্যামসাংয়ের ভার্চুয়াল রিয়ালিটি হেডসেটের ছবিগুলো ইন্টারনেটে হাজির হয়েছে স্যামসাংয়ের ফ্যান সাইট স্যামমোবাইল ডটকমের মাধ্যমে। সাইটটির প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে আইএফএ কনজিউমার ইলেক্ট্রনিকস প্রদর্শনীতে ডিভাইটি উদ্বোধন করবে স্যামসাং। নাম হবে “গিয়ার ভিআর”।

স্যামমোবাইলের প্রকাশিত ছবি অনুযায়ী ডিভাইসটির লেন্সের পাশে থাকবে একটি টাচ প্যাড ও একটি ‘সি-থ্রু’ বাটন, রং হবে লাল ও কালো। গ্যালাক্সি সিরিজের স্মার্টফোনে সংযুক্ত করার জন্য থাকবে ইউএসবি ৩.০ পোর্ট। ভার্চুয়াল ইফেক্ট তৈরিতে ব্যবহার হবে সংযুক্ত স্মার্টফোনটির এক্সিলেরোমিটার সেন্সর। ডিভাইসটির হার্ডওয়্যার তৈরি করবে স্যামসাং।

তবে স্যামমোবাইলের প্রতিবেদনের সবচেয়ে বিস্ময়কর তথ্যটি হল গিয়ার ভিআরের জন্য সফটওয়্যারটি নাকি তৈরি করবে ‘অকুলাস রিফট’-এর সফটওয়্যার টিম, অকুলাস ভিআর।