২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'অমর' আইফোন

৯ মাস পর হারানো আইফোন ফিরে পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমার কৃষক কেভিন হুইটনি।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2014, 07:19 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

হারানো জিনিস কয়েক মাস, এমনকি কয়েক বছর পরেও খুঁজে পাওয়ার ঘটনা নতুন কিছু নয়। তবে কেভিন হুইটনির আইফোনটি কিছুটা হলেও ব্যতিক্রম।

গত ৯ মাসে ৭ হাজার মাইল পাড়ি দিয়েছে স্মার্টফোনটি, চাপা পড়েছিল ২ লাখ ৮০ হাজার পাউন্ড ফসলের নিচে, আর এতোকিছুর পরও স্মার্টফোনটি ছিল কার্যক্ষম এবং পুরোপুরি অক্ষত ।

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, স্মার্টফোন পকেটে নিয়েই ফসলের ভাণ্ডারে কাজ করছিলেন হুইটনি। কাজের ফাঁকেই পকেট থেকে পড়ে যায় ফোনটি। চিরদিনের মতো শখের মোবাইলটি হারিয়ে ফেলেছেন বলে ধরে নেন তিনি।

তবে হারানো আইফোনের খোঁজ মেলে ৯ মাস পর।

একদিন হঠাৎ করেই হুইটনির কাছে জাপান থেকে ‘লং ডিসটেন্স’ কল আসে। দূরালাপনির ওপাড় থেকে প্রশ্ন, “তুমি কি কেভিন হুইটনি? তুমি কি সেল ফোন হারিয়ে ফেলেছিলে?”

ঘটনা হল, পকেট থেকে পড়ে ফসলের স্তুপে চাপা পড়েছিল আইফোনটি। এরপর সেই ফসলে রপ্তানি করা হয়েছিল জাপানে। সেখানেই ফসলের স্তুপে আইফোনটি খুঁজে পান জাপানের এক ফ্যাক্টরি শ্রমিক।

চমকপ্রদ বিষয় হল টানা ৯ মাস আর ৭ হাজার মাইল পাড়ি দিয়ে, ২ লাখ ৮০ হাজার পাউন্ড ফসলের নিচে চাপা পড়ে থেকেও অক্ষত ছিল স্মার্টফোনটি।

আইফোনটি আনলক করা থাকায় সহজেই মোবাইল থেকে হুইটনির সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করে নেন ওই জাপানী শ্রমিক। তার কিছুদিন পরেই হারানো আইফোনটি ফিরে পান হুইটনি।