পাসপোর্টের গুণকীর্তনে মুখ খুলল ব্ল্যাকবেরি
ব্ল্যাকবেরির নতুন ফ্যাবলেট স্মার্টফোন ‘পাসপোর্ট’ এর ডিজাইন নিয়ে সাধারণ ব্যবহারকারী আর প্রযুক্তি সমালোচকদের নেতিবাচক প্রতিক্রিয়াটাই বেশি। এমনিতেই স্মার্টফোন বাজারে টিতে থাকতে প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে, তার উপর নতুন মডেল নিয়ে সবার এমন নেতিবাচক প্রতিক্রিয়ার পর পাসপোর্টের গুণকীর্তনে মুখ খুলেছে কানাডিয়ান প্রতিষ্ঠানটি।
পাসপোর্ট নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়ার সবচেয়ে বড় কারণ এর বর্গাকার ডিজাইন। আর ব্ল্যাকবেরি ওই ডিজাইনটির গুণকীর্তন করেছে নিজেদের ব্লগে। পাসপোর্টের স্ক্রিন ৪.৫ ইঞ্চি, কিন্তু আড়াআড়িভাবে আইফোন ৫এস-এর দ্বিগুণ। যে কোনো ডকুমেন্ট বা বই পড়ার ক্ষেত্রে ব্যবহারকারীদের বাড়তি সুবিধা দেবে এই চওড়া স্ক্রিন-- ব্লগ পোস্টে দাবি ব্ল্যাকবেরির।
‘একাডেমিক টাইপোলজি’ অনুযায়ী একটি বইয়ের এক লাইনে সর্বোচ্চ ৬৬টি অক্ষর থাকে। আয়তাকার স্মার্টফোনগুলোতে এক লাইনে গড়ে ৪০টি অক্ষর দেখা যায়। পাসপোর্টের চওড়া স্ক্রিনের সাহায্যে এক লাইনে ৬০টি অক্ষর দেখতে পারবেন ব্যবহারকারীরা। এছাড়া মেডিকাল রিপোর্ট ও স্প্রেডশিট ডকুমেন্ট দেখতেও পাসপোর্ট সুবিধাজনক হবে বলে জানিয়েছে ব্ল্যাকবেরি।
তবে ব্ল্যাকবেরির জনপ্রিয় স্মার্টফোনগুলোর সঙ্গে পাসপোর্টের পার্থক্য, আকারে বর্গাকার আর বেশ বড় হলেও এর কিবোর্ডটি সংক্ষিপ্ত। ‘শিফট’ ও ‘ক্যাপস লক’-এর মতো জনপ্রিয় বাটনগুলো নেই পাসপোর্টের কিবোর্ডে। তবে ব্ল্যাকবেররি মতে, দ্রুত ও সঠিকভাবে টাইপ করতে সাহায্য করবে কিবোর্ডটি।
