রোবটে স্মার্টফোন বসাবে নাসা
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ব্যবহৃত রোবটের জন্য গুগল নির্মিত থ্রিডি স্মার্টফোন পাঠানোর পরিকল্পনা করেছে নাসা। রোবটগুলোর চোখ এবং মস্তিষ্ক হিসেবে ব্যবহার করা হবে এই থ্রিডি স্মার্টফোনগুলো।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মহাকাশ স্টেশনের স্ফিয়ার রোবটগুলোতে স্থাপন করা হবে ওয়েব জায়ান্ট প্রতিষ্ঠানটির তৈরি থ্রিডি স্মার্টফোন।
স্ফিয়ার রোবটের বর্তমান কার্যক্ষমতা সীমিত হলেও স্মার্টফোন স্থাপনের পর সেগুলোর ক্ষমতা বাড়বে বলেই আশা করা হচ্ছে। এই প্রসঙ্গে স্ফিয়ার প্রকল্প ব্যবস্থাপক ক্রিস প্রোভেনশার জানিয়েছেন, তারা স্ফিয়ারে ক্যামেরা, যোগাযোগপদ্ধতি যোগ করতে চাচ্ছিলেন এবং প্রসেসিং ক্ষমতা, অ্যকসেলেরোমিটার ও অন্যান্য সেন্সর বাড়াতে চাচ্ছিলেন।
“বিষয়টি নিয়ে ভাবার সময় আমরা দেখলাম, কাঙ্ক্ষিত লক্ষ্যগুলো পূরণের সবচেয়ে ভালো উপায় হচ্ছে স্মার্টফোনের সাহায্যে এটি করা।”
অন্যদিকে নাসার অ্যামেস রিসার্চ সেন্টারের প্রকৌশলীরা স্পেস স্টেশনের রোবটগুলোকে উন্নত করার জন্য মার্কিন ইলেকট্রনিক্স শপ ‘বেস্ট বাই’ থেকে স্বল্পদামি স্মার্টফোন কিনে সেগুলো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠিয়েছিলেন। নভোচারীরা ওই স্মার্টফোনগুলো রোবটে স্থাপন করার পর সেগুলোর কর্মকাণ্ডে উন্নতি দেখা গেছে বলেই জানিয়েছে বিবিসি।
বিবিসির তথ্য অনুসারে, বিষয়টি জানার পর রোবটগুলো আরও উন্নত করার লক্ষ্যে নাসা গুগলের ট্যাংগো প্রকল্পের সাহায্য নিচ্ছে। ট্যাংগো প্রকল্পের অধীনে গুগল তাদের নতুন স্মার্টফোন যাতে স্পেস এবং গতি বুঝতে পারে সে জন্য থ্রিডি ক্যামেরা যুক্ত করেছে।
নাসার পরিকল্পনা অনুসারে ১১ জুলাই পুরোনো স্মার্টফোনগুলোর বদলে নতুন এই স্মার্টফোনগুলো স্ফিয়ারে সংযুক্ত করা হবে বলেই জানিয়েছে বিবিসি।
