নামছে না পেইড অ্যান্ড্রয়েড অ্যাপ
বাগ সমস্যার কারণে পেইড অ্যান্ড্রয়েড ওয়্যার অ্যাপ ডাউনলোড করতে পারছেন না অনেক ব্যবহারকারী। গুগল অ্যাপ এনক্রিপশনের কারণে এই সমস্যাটি সৃষ্টি হয়েছে বলেই ধারণা করা হচ্ছে।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, অ্যান্ড্রয়েডওয়্যার অ্যাপের বাগসংক্রান্ত এই সমস্যাটি সর্বপ্রথম চিহ্নিত করেছে অ্যান্ড্রয়েড পুলিশ নামে একটি সাইট।
স্মার্টফোন বা ট্যাবলেটের অ্যান্ড্রয়েড অ্যাপগুলো থেকে অ্যান্ড্রয়েড ওয়্যার অ্যাপগুলোর ডাউনলোডের ধরন কিছুটা ভিন্ন। উদাহরণ হিসেবে বলা যায়, যদি কোনো ব্যবহারকারী গুগল প্লে থেকে রানটাস্টিক অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করেন তাহলে সেটির পরিপূরক অ্যান্ড্রয়েড ওয়্যার অ্যাপটিও স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হয়ে যায়। এ ধরনের অন্যান্য অ্যাপগুলোও একই নিয়ম অনুসরণ করে।
কিন্তু আদতে সেভাবে ডাউনলোড হচ্ছে না, কারণ ব্যবহারকারীরা পেইড অ্যান্ড্রয়েড অ্যাপগুলোই ডাউনলোড করতে পারছেন না। পাইরেসি ঠেকাতে গুগল পেইড অ্যাপে বিশেষ এনক্রিপশন ব্যবহার করে যা অ্যাপটিকে শুধু একটি নির্দিষ্ট ডিভাইসেই ডাউনলোডের সুযোগ করে দেয়। ধারণা করা হচ্ছে, এনক্রিপশনে কোনো ত্রুটি রয়ে যাওয়ায় এই সমস্যাটির সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা।
গুগল এখনও আনুষ্ঠানিকভাবে ওয়্যার অ্যাপ সম্পর্কিত এই সমস্যার বিষয়ে কিছু জানায়নি। সমস্যাটির বিষয়ে প্রতিষ্ঠানটি তাৎক্ষণিক কোনো মন্তব্য করতেও রাজি হয়নি বলেই জানিয়েছে ম্যাশএবল।
