২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহৎ হ্যাকিংয়ের কবলে ব্রাজিলিয়ান বোলেটো

ব্রাজিলে জনপ্রিয়তম আর্থিক লেনদেন প্ল্যাটফর্ম বোলেটো বাংকারিও থেকে দুই বছরে প্রায় পৌনে চারশ’ কোটি ডলার ম্যালওয়্যারের মাধ্যমে হাতিয়ে নিয়েছে এক হ্যাকার চক্র। সম্প্রতি এক মার্কিন নিরাপত্তা প্রতিষ্ঠানের গবেষণায় তথ্যটি উঠে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2014, 07:17 PM

Updated : 22 Aug 2022, 06:40 PM

ফোন বিল থেকে শুরু করে সাপ্তাহিক বাজারের বিল পরিশোধ, ব্যবসায়িক লেনদেনের মতো বিভিন্ন সেবা দিয়ে থাকে বোলেটো। অনলাইনের পাশাপাশি অফলাইনেও প্রিন্ট করা কাগজের মাধ্যমে বিল পরিশোধের সুযোগ রয়েছে প্রতিষ্ঠানটির মাধ্যমে।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, আনুমানিক চার লাখ ৯৫ হাজার ৭৫৩টি বোলেটো লেনদেন এই ম্যালওয়্যার আক্রমণের শিকার হয়েছে।

ব্রাউজারে ম্যালওয়্যার ইন্সটল করে তার মাধ্যমে চালানো হয়েছে এই হ্যাকিং। ম্যালওয়্যারটি ইনস্টল হবার পর ব্যবহারকারীও এর অস্তিত্ব সম্পর্কে জানতে পারেন না। এ রকম সর্বমোট এক লাখ ৯২ হাজার ২২৭টি ম্যালওয়্যার আক্রান্ত পিসি সনাক্ত করা হয়েছে এবং ৮৩ হাজার ৫০৬ জন ইমেইল ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে। মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার কোনো ব্রাউজারই এই ম্যালওয়্যার ঠেকাতে সক্ষম নয় বলেই জানিয়েছে বিবিসি।

এভাবে হ্যাকাররা আক্রান্ত অ্যাকাউন্টগুলো থেকে তিনশ’ ৭৫ কোটি ডলার হাতিয়ে নিয়েছে বলেই ধারণা করা হচ্ছে। কিন্তু ম্যালওয়্যারভিত্তিক এই হ্যাকার চক্র সব লেনদেন সফলভাবে হাতিয়ে নিতে পেরেছে কি না সে বিষয়ে এখনও নিশ্চিত নন গবেষকরা।

তবে এই আক্রমণটিকে অনেক বড় একটি জালিয়াতি অপারেশন এবং ব্যাংক, ব্যবসায়ী, ব্রাজিলিয়ান ব্যাংক গ্রাহকদের জন্য গুরুতর সাইবার অপরাধ হুমকি হিসেবে অভিহিত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ডেটা স্টোরেজ কর্পোরেশন ইএমসি’র বিভাগ নিরাপত্তা প্রতিষ্ঠান আরএসএ।