এখন চলছে সাইবার স্নায়ু যুদ্ধ
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের একাধিক দেশের তেল ও গ্যাস প্রতিষ্ঠানের উপর সাইবার আক্রমণ চালিয়েছে রাশিয়ার হ্যাকাররা। পশ্চিমা প্রতিষ্ঠানগুলোর উপর রাশিয়ান হ্যাকারদের সাইবার আক্রমণ সম্প্রতি উদঘাটন করেছে অ্যান্টিভাইরাস নির্মাতা সিমেনটেক।
সোভিয়েত ইউনিয়নের ভাঙ্গনের সঙ্গে সঙ্গে আশির দশকের ‘কোল্ড ওয়ারের’ সমাপ্তি হয়েছে এমনটা ভাবার সুযোগ নেই বলে এক প্রতিবেদনে মন্তব্য করেছে সিএনএন। বরং সাইবার জগতটাই এখন যুদ্ধক্ষেত্র। সিএনএন বিষয়টিকে বর্ণনা করেছে এইভাবে— “এই সাইবার স্নায়ুযুদ্ধের এক দিকে আছে আমেরিকান এবং ব্রিটিশ সাইবার স্পাইরা আর অন্যদিকে চীন-রাশিয়ার হ্যাকাররা”।
দুই পরাশক্তির সাইবার লড়াই সাম্প্রতিক খবরের শিরোনাম হওয়ার কারণ “এনার্জেটিক বেয়ার”। এই এনার্জেটিক বেয়ার আদতে রাশিয়ার হ্যাকারদের পরিচালিত এক ‘সাইবার অপারেশন’। এর অংশ হিসেবে পাওয়ার প্ল্যান্ট, এনার্জি গ্রিড অপারেটর, গ্যাস পাইপলাইন, এবং ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট নির্মাতাদের কম্পিউটার সিস্টেমে হ্যাকাররা ম্যালওয়্যার ছড়িয়ে দিয়েছিল বলেই জানিয়েছে সিমেনটেক।
ম্যালওয়্যারটি ব্যবহার করে চুরি করা হয়েছে প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ দলিল, ইউজারনেইম-পাসওয়ার্ড। ক্ষেত্রবিশেষে প্রতিষ্ঠানের পুরো কম্পিউটার সিস্টেম বেদখল করে নিয়েছিল হ্যাকাররা।
প্রথম ২০১২ সালে এনার্জেটিক বেয়ার চিহ্নিত করেছিল সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান ক্রাউডস্ট্রাইক। সে সময় সাইবার অপারেশনটির মূল হোতারা হয় সরাসরি রাশিয়ার সরকারের হয়ে নয়তো পরোক্ষভাবে সমর্থন পাচ্ছে বলে সন্দেহ প্রকাশ করেছিল প্রতিষ্ঠানটি।
‘এনার্জি ইন্ডাস্ট্রি’-র উপর এ ধরনের সাইবার আক্রমণ পরবর্তীতে বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে সাধারণ নাগরিকদের জন্য। অর্থনৈতিক অস্থিরতার কারণ হয়ে দাঁড়াতে পারে এই সাইবার আক্রমণগুলো। এমনকি খনিজ সম্পদের মোহে যুদ্ধ শুরু হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
