২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিডিও স্লো বাফারিংয়ে দোষ আইএসপির

স্লো বাফারিং, ঘোলা ভিডিও বা ভিডিও হঠাৎ করেই আটকে যাওয়া মতো সমস্যার জন্য ‘ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার’ (আইএসপি) প্রতিষ্ঠানগুলোকে দুষছে ইউটিউব। মে মাসে প্রকাশিত ভিডিও কোয়ালিটি রিপোর্ট আর সম্প্রতি প্রকাশিত বিস্তারিত প্রতিবেদনে ভিডিও দেখার সময় ব্যবহারকারীদের যে প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়, তার জন্য আইএসপি প্রতিষ্ঠানগুলোর দিকেই আঙুল তুলছে এই শীর্ষ ভিডিও শেয়ারিং সাইট কর্তৃপক্ষ।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2014, 11:01 PM

Updated : 22 Aug 2022, 06:39 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ইন্টারনেট স্ট্রিমিং মিডিয়া নেটফ্লিক্সকে অনুসরণ করে ‘ভিডিও কোয়ালিটি রিপোর্ট’ প্রকাশ করে ইউটিউব। ইউটিউবের প্রতিবেদন অনুযায়ী, ‘ইউটিউব এইচডি’ স্বীকৃত নয় এমন আইএসপি প্রতিষ্ঠানের ক্ষেত্রেই বিভিন্ন প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে ব্যবহারকারীদের।

আইএসপি ‘ইউটিউব এইচডি’ স্বীকৃতিপ্রাপ্ত না হলে ভিডিওতে নীল ব্যানার জুড়ে দিতে পারে ইউটিউব, যা ওই আইএসপির সেবার দূর্বলতার প্রতি ইঙ্গিত করবে। ওই ‘ব্লু ব্যানার’ নিয়ে হেল্প আর্টিকলও আছে গুগলের।

আইএসপি বনাম ইন্টারনেট স্ট্রিমিং মিডিয়া/ভিডিও শেয়ারিং সাইটের লড়াইয়ের সূত্রপাত নেটফ্লিক্সের এক প্রতিবেদন থেকে। সাইটটিতে ভিডিও স্ট্রিমিং করে দেখার সময় স্লো বাফারিংসহ বিভিন্ন প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছিল ব্যবহারকারীদের। ভিডিও দেখার সময় ওই ঝামেলার জন্য ভেরাইজনের ইন্টারনেট সেবার দূর্বলতাকে দুষেছিল নেটফ্লিক্স। এবার নেটফ্লিক্সের পথ অনুসরণ করল ইউটিউবও।