২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাগ হয়্যার বিক্রয় প্রধান এখন অ্যাপলে

মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলে যোগ দিয়েছেন সৌখিন সুইস ঘড়ি নির্মাতা টাগ হয়্যারের সেলস ও রিটেইল ভাইস-প্রেসিডেন্ট প্যাট্রিক প্রুনিয়াক্স। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক এই নিয়োগ, তাদের আসন্ন পণ্য আইওয়াচ বাজারে আসার বিষয় সম্পর্কে আরও নিশ্চিত করল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2014, 06:38 PM

Updated : 22 Aug 2022, 06:38 PM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, প্রুনিয়াক্সের নিয়োগ বিষয়ে নিশ্চিত করেছেন টাগ হয়্যারের প্রতিনিধি এবং এলভিএমএইচের (LVMH) বিলাসবহুল-ঘড়ি বিভাগের প্রধান জাঁ-ক্লদ বিভার।

এই প্রসঙ্গে বিভার শুক্রবার এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “অ্যাপলের প্রস্তাব পেয়ে আমাদের বিক্রয় পরিচালক গতকাল পদত্যাগ করেছেন।”

তবে বিভার এই বিষয়ে বিরক্ত হননি বলেই জানিয়েছেন। তিনি বলেছেন, “যদি তারা আমাদের সরাসরি ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী হত, তাহলে হয়ত আমি কিছুটা বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি বলে মনে করতাম।”

বিগত কয়েক মাসে বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে অ্যাপল আইওয়াচ উৎপাদন করছে। কিন্তু এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি অ্যাপল। অ্যাপল এবং আইওয়াচ প্রসঙ্গে বিভার বলেছেন, “অ্যাপল যদি আইওয়াচ সত্যিই তৈরি করে তাহলে আমি এ পদক্ষেপের প্রশংসাই করব। অ্যাপল শুধু একটি প্রযুক্তি প্রতিষ্ঠানই নয়, তারাও রিটেইলার এবং বিলাসবহুল ব্র্যান্ড।”