২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিন শেষ হল প্লাজমা টিভির

এ বছরের ৩০ নভেম্বর নাগাদ প্লাজমা টিভির উৎপাদন বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং। এর পরিবর্তে কার্ভড টিভি ও আল্ট্রা-হাই-ডেফিনেশন টিভি উৎপাদনে মনোনিবেশ করবে বলেই জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2014, 06:32 PM

Updated : 25 Apr 2022, 04:24 PM

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্লাজমা টিভি নির্মাতাদের মধ্যে স্যামসাংই ছিল সর্বশেষ বড় উৎপাদক। এর আগে প্যানাসনিক, সনি, হিটাচি এবং পাওনিয়ারও এই ধরনের টিভি উৎপাদন বন্ধ করে দিয়েছে।

বিশেষ স্ক্রিন প্রযুক্তির কারণে খেলা এবং সিনেমা দেখার জন্য প্লাজমা টিভিকে সেরা হিসেবেই বিবেচনা করা হয়। কিন্তু এ টিভিগুলোর আকৃতি কিছুটা বড় এবং এতে বিদ্যুত খরচ বেশি হয় বলেই জানিয়েছে বিবিসি। অন্যদিকে বর্তমানে পাদলা এলসিডি ও এলইডি টিভির চাহিদা বাড়ছে।

স্যামসাংয়ের এই সিদ্ধান্তের প্রসঙ্গে ‘ট্রাস্টেডরিভিউস’ ওয়েবসাইটের সম্পাদক ইভান কাইপ্রেসোস বলেছেন, “স্যামসাংয়ের প্লাজমা উৎপাদন বন্ধ করে দেয়া মোটেই আশ্চর্যরজনক নয়। আল্ট্রা-হাই-ডেফিনেশন প্লাজমা তৈরি করা অনেক জটিল একটি প্রক্রিয়া, অন্যদিকে আল্ট্রা-হাই-ডেফিনেশন হচ্ছে বিশাল আকৃতির টিভির ভবিষ্যত। যদিও এলইডি বা এলসিডি টিভির চেয়ে প্লাজমার ছবির গুণগত মান অনেক উন্নত তারপরেও মানুষ এলসিডি বা এলইডি টিভিই পছন্দ করবে, কারণ সবাই আকর্ষণীয় পণ্য পছন্দ করে। আর এলইডি টিভির মতো চিকন করে প্লাজমা টিভি তৈরি করা সম্ভব নয়। ” 

অন্যদিকে সিনেটকে দেওয়া এক বিবৃতিতে স্যামসাং জানিয়েছে, “ক্রেতাদের প্রয়োজন পূরণ করতে সক্ষম এমন পণ্য সরবরাহ করার বিষয়ে আমরা এখনও প্রতিশ্রুতিবদ্ধ।”