২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেসেজ দেবে হারিয়ে যাওয়া স্মার্ট লাগেজ

বিমানবন্দরে যাত্রীর লাগেজ হারিয়ে যাওয়া একটি অতি পরিচিত সমস্যা। ইউএস এয়ারলাইন্স কেবল গত এপ্রিলেই হারিয়েছে ১ লাখ ৪১ হাজার ব্যাগ। সুখবর হল, এ সমস্যা সমাধানে এগিয়ে এসেছে ইউরোপিয়ান বিমান নির্মাতা এয়ারবাস।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2014, 01:33 PM

Updated : 22 Aug 2022, 06:39 PM

হারিয়ে গেলে নিজের অবস্থান জানিয়ে মালিকের স্মার্টফোনে মেসেজ পাঠাতে পারবে স্মার্ট লাগেজ, জানাবে নিজের ওজনও।

সিএনএন জানিয়েছে, প্যারিস এয়ার শো’তে জাম্বো জেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘এয়ার বাস’ উন্মোচন করে ‘ব্যাগ টু গো’-এর কনসেপ্ট ডিজাইন। এর বিশেষত্ব ছিল স্মার্টফোন অ্যাপের এর সাহায্যে ট্র্যাক করা সম্ভব ব্যাগগুলোকে। এ ছাড়াও স্মার্ট ব্যাগগুলো সয়ংক্রিয়ভাবে চেক-ইন করতে করতে পারে এবং মালপত্রের ওজনও জানতে পারে।

এ বছরের মে মাসে একই ধরনের একটি ডিভাইস তৈরি করেছে মার্কিন টেলিকম প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি। সাধারণ ব্যাগে ট্যাগ হিসেবেও ব্যবহার করা যাবে এটিঅ্যান্ডটির প্রযুক্তি, ধারণা করছে সিএনএন।

লাগেজ হারানোর সমস্যা সমাধানে বড় অবদান রাখবে এই স্মার্ট ব্যাগ-- মন্তব্য সিএনএন এর।