২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ি ফিরলেই আইফোন অটো আনলক!

নিরাপদ জায়গায় থাকা আইফোন স্বয়ংক্রিয়ভাবে আনলক করার প্রক্রিয়া নিয়ে কাজ করছে অ্যাপল। এই প্রক্রিয়ায় আনলক করা আইফোন নিরাপদ জায়গা থেকে বের হওয়া মাত্র আবার লকড হয়ে যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2014, 06:45 PM

Updated : 25 Apr 2022, 04:24 PM

এক প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, মার্কিন এই প্রযুক্তি জায়ান্ট এই প্রযুক্তি নিয়ে ইতোমধ্যে পেটেন্টও আবেদনও করেছে।

আইফোন কোন স্থানে আছে এবং ব্যবহারকারীরা কোন স্থানগুলোকে ‘নিরাপদ’ স্থান হিসেবে চিহ্নিত করে রাখছেন, তার উপর ভিত্তি করে নতুন এ প্রক্রিয়াটি কাজ করবে। প্রক্রিয়াটিতে নিরাপদ স্থানে আইফোন প্রবেশ করলে তা আনলক করতে আর কোনো পাসকোড বা টাচ আইডির প্রয়োজন পড়বে না বলেই জানিয়েছে গার্ডিয়ান। 

নতুন এই প্রক্রিয়া প্রসঙ্গে অ্যাপলের পেটেন্ট নথিতে লেখা রয়েছে, “ডিভাইসের বিদ্যমান স্থান চিহ্নিত করার ভিত্তিতে মোবাইল ডিভাইস সেটিং ও কনফিগারেশন পরিবর্তন করতে পারবে। বর্তমান উদ্ভাবনের অন্যতম একটি দিক হ্যান্ডসেটের নিরাপত্তা সেটিং যা ডিভাইসের কার্যেক্রম পরিবর্তন করতে পারে।”

অ্যাপল পেটেন্টে আরও একটি প্রক্রিয়ার বিষয়ে ব্যাখ্যা করা হয়েছে। এর মাধ্যমে ফোনটির অবস্থানের উপর ভিত্তি করে ফোনের হোমস্ক্রিনও বদলে যাবার ব্যবস্থা রাখা যাবে। উদাহরণ হিসেবে বলা যায়, ফোন অফিসে থাকলে হোম স্ক্রিনে কাজসংক্রান্ত যেসব অ্যাপ রয়েছে তা দেখা যাবে, আইফোন গাড়িতে থাকলে সেটিও সনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে গাড়ি চালনায় সমস্যা করতে পারে এমন কিছু ফিচার বন্ধ করে দেবে প্রক্রিয়াটি।

এই প্রক্রিয়ায় স্মার্টফোন জিপিএস, ব্লুটুথ, ওয়াই-ফাই ইত্যাদি মোবাইল ফোন তরঙ্গের মাধ্যমে মোবাইলটি কোন স্থানে আছে তা নির্ণয় করবে।

তবে স্থান সঠিকভাবে নির্ণয় করতে ন্যূনতম দুটি ‘লোকেশন ইন্ডিকেটর’-এর প্রয়োজন পড়বে এবং স্থান নির্ণয় করার পরই আইফোন স্বয়ংক্রিয়ভাবে নিরাপত্তা এবং অন্যান্য সফটওয়্যার ফিচারে পরিবর্তন আনবে বলেই জানিয়েছে গার্ডিয়ান।

অন্যদিকে ওয়েব জায়ান্ট গুগলও একই ধরনের একটি প্রকল্প নিয়ে কাজ করছে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিকটি।