২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেই চলবে মার্সিডিজের ট্রাক!

ড্রাইভারের সাহায্য ছাড়াই চলছে বিশাল আকারের মার্সেডিজ ট্রাক! শুনতে অবিশ্বাস্য হলেও এমন দৃশ্যই দেখা গেছে জার্মানির একটি মিডিয়ায় প্রকাশিত ছবিতে। হাইওয়েতে ট্রাক চালানোর সময় চালক তার ট্যাবলেটে নেট ব্রাউজ করছিলেন আর, ট্রাকটি চলছিল নিজ দায়িত্বেই।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2014, 05:44 PM

Updated : 25 Apr 2022, 04:24 PM

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, জার্মানির শীর্ষ গাড়ি নির্মাতা মার্সিডিজ পরীক্ষামূলকভাবে স্বনিয়ন্ত্রিত ট্রাকটি তৈরি করেছে। হাইওয়েতে তিন মাইল রাস্তায় ট্রাকটি চালানোর পরীক্ষা করা হয়।

পরীক্ষাধীন ওই নতুন ট্রাকটি চালকের সাহায্য ছাড়াই চলছিল। চালক ট্রাকটির ড্রাইভিং সিটে বসে থাকলেও তিনি কাজ করছিলেন তার ট্যাবলেট কম্পিউটারে।

তবে ‘সেলফ ড্রাইভিং’-এ মালবাহী ট্রাকটিকে বাস্তবে ব্যবহারযোগ্য করে তুলতে প্রতিষ্ঠানটির সময় লাগবে আরও এক দশক। মার্সিডিজ প্রটোটাইপটিকে চিহ্নিত করছে ‘ফিউচার ট্রাক ২০২৫’ নামে। চালকের ভুলত্রুটির কারণে হয়ে যাওয়া ক্ষতির পরিমাণ কমিয়ে আনতেই এই উদ্যোগ নিয়েছে মার্সিডিজ।

ট্রাকের সামনে-পিছনে এবং ডানে-বামে রাস্তা এবং রাস্তায় চলমান অন্যান্য যানবাহন পর্যোবেক্ষণের জন্য ওই ট্রাকের সঙ্গে বিশেষ ধরনের ক্যামেরা এবং রেডার যুক্ত করা হয়েছে।

মার্সিডিজ জানায়, ভবিষ্যতের ওই ট্রাকটি নিয়ন্ত্রণ করা হবে কম্পউটারের মাধ্যমে, তাই তুলনামূলকভাবে কম জ্বালানি খরচ হবে এটি চালাতে। এ ছাড়া রাস্তায় বেপরোয়া গতিবৃদ্ধির আশঙ্কাও থাকবে না ‘সেলফ ড্রাইভিং’ ট্রাকটিতে। ঘণ্টায় সর্বোচ্চ ৫০ মাইল গতিতে ছুটবে ট্রাকটি, আর এটিও নিয়ন্ত্রণ করা হবে কম্পউটারের মাধ্যমেই।

বর্তমানে প্রচলিত অনেক যানবাহনেই বেশ আধুনিক প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। এরমধ্যে ট্রাকের চালক যেন অন্য গাড়ি থেকে নির্দিষ্ট দুরত্বে থাকেন সেই প্রযুক্তি রয়েছে, ম্যাপিং সুবিধা এবং অন্যান্য প্রযুক্তি তো আছেই।

২০২৫ সাল নাগাদ ট্রাকটি বাজারজাত করার লক্ষ করেছে মার্সিডিজের।