অবশেষে আইপ্যাডে ফেইসবুক মেসেঞ্জার
দীর্ঘ প্রতিক্ষার পর আইপ্যাডে এল ফেইসবুক চ্যাটিং অ্যাপ ‘ফেইসবুক মেসেঞ্জার’। এর আগ পর্যন্ত কেবল আইফোনেই ব্যবহার করা যেত অ্যাপটির আইওএস ভার্সন।
আপস্টোরে ফেইসবুক মেসেঞ্জারের নতুন আপডেট যোগ হয়েছে বৃহস্পতিবার। সরাসরি ফোনের ভিডিও অ্যাপটির মাধ্যমে সেভ করার সুবিধা থাকছে এতে। আর বাগ ফিক্স তো আছেই।
ফেইসবুক মেসেঞ্জারের উৎপত্তি গ্রুপ মেসেজিং অ্যাপ ‘বেলুগা’ থেকে। প্রায় তিন বছর আগে বেলুগার সত্ত্ব কিনেছিল ফেইসবুক। বেলুগার প্রযুক্তি উপর ভিত্তি করেই প্রতিষ্ঠানটি ওই মেসেজিং অ্যাপ বানিয়েছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল।
চলতি বছরের শুরুতে ‘হোয়াটস অ্যাপ’ এর সত্ব কেনার পর ফেইসবুক মেসেঞ্জার অ্যাপটির ভবিষ্যত নিয়ে সংশয় জাগে। তবে মার্চ মাসে অনেকটা ‘জোর করেই’ ব্যবহারকারীদের ফেইসবুক মেসেজিং অ্যাপ ব্যবহারে বাধ্য করার ঘোষণা দেয় শীর্ষ সোশাল মিডিয়াটি।
