টি-শার্টে টেট্রিস!
টি-শার্টে খেলা যাবে ছোটবেলার প্রিয় গেইম টেট্রিস, প্রয়োজন শুধু চারটি ডাবল এ (AA) সাইজের ব্যাটারি।
টেট্রিস গেইমটি খেলেননি এমন কাউকে খুজে পাওয়া প্রায় অসম্ভব। হাই ডেফিনেশন গেইমসের যুগেও যথেষ্ট জনপ্রিয়তার সঙ্গেই টিকে আছে গেইমটি।
৬ জুন গেইমটির ৩০ বছর পূর্তি উপলক্ষে টেট্রিস খেলা যায় এমন এক টি-শার্ট বানিয়ে বসেছেন গেইমটির ভক্ত মার্ক কার্গার। হার্ডওয়ার হিসেবে ব্যবহার করেছেন ১২৮টি এলইডি, একটি আর্ডুইনো উনো মাইক্রো কন্ট্রোলার বোর্ড, থ্রিডি প্রিন্টেড হাউজিং ও দুটি অ্যাডাফ্রুট মেট্রিক্স কন্ট্রোলার।
মার্ক নিজেই টি-শার্টটির ডিজাইন করেছেন বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল। নিজের তৈরি টি-শার্টে টেট্রিস খেলার একটি ভিডিও ইউটিউবে পোস্ট করেছেন কার্গার। পুরনো আর্কেড গেইমগুলোর মতো প্রতি লেভেল শেষে লেভেল নম্বর ও স্কোরও দেখাবে টি-শার্ট টেট্রিস।
