নজরদারী মামলায় ব্রিটিশ গোয়েন্দা সংস্থা!
ব্রিটিশ গোয়েন্দা সংস্থা জিসিএইচকিউয়ের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাজ্যের প্রধান ৭ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) প্রতিষ্ঠান। পাশাপাশি গোয়েন্দা সংস্থাটির বিরুদ্ধে নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারে সাইবার আক্রমণের অভিযোগে এনে জোট বেঁধেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য নেদারল্যান্ডস এবং দক্ষিণ কোরিয়ার আইএসপিগুলোও।
জিসিএইচকিউয়ের বিরুদ্ধে এ ধরনের মামলার ঘটনা এটাই প্রথম।
বার্তাসংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সাবেক এনএসএ ঠিকাদার এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা নথির সূত্র ধরেই আইনি ব্যবস্থার মুখোমুখি হতে চলেছে গোয়েন্দা সংস্থাটি।
জিসিএইচকিউয়ের বিরুদ্ধে মামলায় আইএসপি প্রতিষ্ঠানগুলোর অভিযোগগুলোর মধ্যে রয়েছে--
০১. বেলিজিয়ামের টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান বেলজাকমের উপর সাইবার আক্রমণ চালিয়েছিল জিসিএইচকিউ। প্রতিষ্ঠানটির কম্পিউটার নেটওয়ার্কে অনুপ্র্রবেশ করতে ম্যালওয়্যার ব্যবহার করেছিল গোয়েন্দা সংস্থাটি।
০২. জিসিএইচকিউ এবং এনএসএ জোট বেঁধে বিভিন্ন কম্পিউটার নেটওয়ার্কে অনুপ্রবেশ করে ডেটা চুরি করেছিল এবং নিজেদের ডেটা প্রতিস্থাপন করে নেটওয়ার্ক থেকে নির্দিষ্ট ব্যবহারকারীদের কম্পিউটারে ম্যালওয়্যার সংক্রমণ ঘটিয়েছিল।
০৩. নির্দিষ্ট ইউজারদের কম্পিউটারে অনুপ্রবেশ করতে ডেটা স্ট্রিমে নিজেদের ডেটা প্রতিস্থাপন করেছিল প্রতিষ্ঠানটি।
০৪. ‘টার্বাইন’ নামের স্বয়ংক্রিয় একটি কম্পিউটার সিস্টেম ব্যবহার করে বিভিন্ন কম্পিউটার নেটওয়ার্কে নিজেদের বাগ স্থাপন করেছিল।
০৫. জিসিএইচকিউয়ের টার্গেট তালিকায় ছিল জার্মান ইন্টারনেট এক্সচেঞ্জ পয়েন্ট। এর মাধ্যমে সকল ইন্টারনেট ট্রাফিকের উপর নজরদারি করেছিল গোয়েন্দা সংস্থাটি।
জিসিএইচকিউয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ব্রিটিশ চ্যারিটি ‘প্রাইভেসি ইন্টারন্যাশনালের’ সঙ্গে জোট বেঁধেছে আইএসপি প্রতিষ্ঠানগুলো। এর আগেও রাষ্ট্রসমর্থিত সাইবার এসপিওনাজ ঠেকাতে দুটি মামলা করেছিল প্রাইভেসি ইন্টারন্যাশনাল।
