ক্ষমা চাইল ফেইসবুক!
অনুমতি ছাড়া ব্যবহারকারীদের অজান্তে তাদের উপর মনস্তাত্ত্বিক পরীক্ষা চালানোয় ক্ষমা চেয়েছে শীর্ষ সোশাল মিডিয়া ফেইসবুক। আর কোনো মুখপাত্র বা বিবৃতির মাধ্যমে নয়, ফেইসুবকের পক্ষে ক্ষমা চেয়েছেন প্রতিষ্ঠানটির দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ।
“বিভিন্ন নতুন পণ্য নিয়ে গবেষণা প্রতিষ্ঠানগুলোর কাজের অংশ ছিল ওই গবেষণাটি। ওই ঘটনার জন্য আমরা ক্ষমা চাইছি।”-- বলেন স্যান্ডবার্গ।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১২ সালে অনুমতি ছাড়া ৭ লাখ ব্যবহারকারীর উপর চালানো ওই মনস্তাত্ত্বিক পরীক্ষা নিয়ে ফেইসবুকের পক্ষ থেকে ক্ষমা চাইলেন স্যান্ডবার্গ। মার্চ মাসে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে ফেইসবুকের ওই পরীক্ষার ফাঁস হয়ে গেলে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়ায় পড়ে ফেইসবুক।
প্রাথমিক অবস্থায় মনস্তাত্ত্বিক পরীক্ষাটি ‘টার্মস অ্যান্ড কন্ডিশনসের’ ব্যতিক্রম নয় বলে দাবি করলেও ক্ষমা চেয়ে নিজেদের দোষ স্বীকার করেই নিল ফেইসবুক কর্তৃপক্ষ।
এদিকে এই ঘটনা তদন্তে নামছে সংশ্লিষ্ট ব্রিটিশ কর্তৃপক্ষ। ফেইসবুকের সরবরাহ করা ডেটা ব্যবহার করে গবেষণা প্রতিবেদনটি যারা তৈরি করেছিলেন, তদন্তে নামছেন তারাও। ফেইসবুক নৈতিকতা লঙ্ঘন করে ডেটা সংগ্রহ করেছে কি না সেটা যাচাই করে দেখতে চাইছেন তারাও।
