এবার সুয়ারেজের কামড় নিয়ে অ্যাপ!
উরুগুয়ে এবং লিভারপুলের তারকা খেলোয়াড় লুইস সুয়ারেজের বিশ্বকাপ কামড়কে কেন্দ্র করে এবার তৈরি হয়েছে অ্যাপ। ‘সুয়ারেজ সকার বাইট’ নামের এই অ্যাপটি মূলত একটি মোবাইল গেইম।
এক প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, এ গেইমটি তৈরি করেছে পোল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান প্লেসফট।
গার্ডিয়ানের তথ্য অনুসারে, সম্পূর্ণ-আনঅফিশিয়াল আর ফ্রি এই গেইমটি। ইতালিয়ান খেলোয়াড়দের দিকে তাকিয়ে দাঁত ঘষলেও রেফারিকে না কামড়ে আর নিজেকে লাল কার্ডের হাত থেকে বাঁচিয়ে মজার এ গেইমটি খেলতে হবে গেইমারদের।
এই প্রসঙ্গে এক প্লেসফটের পিয়েরে অলিভিয়ার মন্টেইল জানিয়েছেন, এক শুক্রবার বিকেলে গেইমটি তৈরির আইডিয়া পান তারা, সঙ্গে সঙ্গে দুজন প্রোগ্রামার এবং দুজন গ্রাফিক ডিজাইনার টানা কাজ করে ওই দুদিনের মধ্যেই দাঁড় করিয়ে ফেলেন গেইমটি। মন্টেইল আরও জানিয়েছেন, অতি স্বল্পসময়ে তারা যে ফলাফল পেয়েছেন তা নিয়ে তারা খুশি এবং তারা প্রত্যাশা করছেন মানুষ এটি খেলে মজা পাচ্ছে।
বর্তমানে গেইমটির অ্যান্ড্রয়েড সংস্করণ পাওয়া যাচ্ছে গুগল প্লে স্টোরে। আর আইওএস সংস্করণের জন্য অ্যাপলের অনুমোদনের অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন গেইমটির নির্মাতারা।
