তদন্তের মুখে ফেইসবুক
মনস্তাত্ত্বিক পরীক্ষার সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক কোনো ডেটা নিরাপত্তা আইন ভেঙেছে কি না তা জানতে তদন্ত করছেন যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রায় সাত লাখ ব্যবহারকারীকে না জানিয়ে তাদের নিউজ ফিড নিয়ন্ত্রণের মাধ্যমে এই মনস্তাত্বিক গবেষণাটি করেছিল ফেইসবুক।
গবেষণার সময় ব্যবহারকারীদের তথ্যের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল বলে দাবি ফেইসবুক কর্তৃপক্ষের। যুক্তরাজ্যের ইনফর্মেশন কমিশনার অফিস (ICO) জানিয়েছে, “গবেষণাটির বিষয়ে ফেইসবুককে প্রশ্ন করার পরিকল্পনা রয়েছে তাদের। ফিনান্সিয়াল টাইমস এবং রেজিস্টার পত্রিকার তথ্য অনুসারে, আইসিও এই বিষয়ে আয়ারল্যান্ডের ডেটা নিরাপত্তা নিয়ন্ত্রকের সঙ্গেও যোগাযোগ করবে।
অন্যদিকে ফেইসবুক এই পরিকল্পনা প্রসঙ্গে বলেছে, “নিয়ন্ত্রকদের যে কোনো প্রশ্নের উত্তর আমরা আনন্দের সঙ্গেই দেব।” প্রতিষ্ঠানটির ইউরোপিয়ান প্রধান কার্যালয় আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে অবস্থিত।
