‘ড্রাগনফ্লাই’-এর শিকার হাজার প্রতিষ্ঠান
পূর্ব ইউরোপভিত্তিক হ্যাকারদের সংগঠন ড্রাগনফ্লাইয়ের সাইবার আক্রমণের শিকার হয়েছে উত্তর আমেরিকা আর ইউরোপের ১ হাজারেরও বেশি বিদ্যুৎ, পানি, তেল এবং গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান। সেম্প্রতি জ্বালানি ও খনিজ সম্পদ থেকে শক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ড্রাগনফ্লাইয়ের ছড়িয়ে দেওয়া ম্যালওয়্যার নেটওয়ার্কটি আবিষ্কার করেছে মার্কিন অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান সিম্যানটেক।
বার্তাসংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ড্রাগনফ্লাইয়ের ম্যালওয়্যার সংক্রমণের শিকার হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেইন, ফ্রান্স, ইতালি, জার্মানি এবং পোল্যান্ডসহ ৮৪টি দেশের প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানগুলোর কম্পিউটার সিস্টেমে ড্রাগনফ্লাইয়ের তৈরি ম্যালওয়্যারের উপস্থিতি ২০১১ সাল থেকে। গুপ্তচরবৃত্তির উদ্দেশে এই ম্যালওয়্যার সংক্রমণ ঘটানো হয়েছে বলে নিশ্চিত করেছে সিম্যানটেক।
ম্যালওয়্যার নেটওয়ার্কটি বিভিন্ন প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেমে অনুপ্রবেশ করে থার্ড পার্টি প্রোগ্রাম, ইমেইল এবং বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে সংক্রমণ ছড়াচ্ছিল। আর চুরি করা ডেটা পাঠিয়ে দিচ্ছিল হ্যাকারদের কাছে।
ড্রাগনফ্লাইয়ের ম্যালওয়্যার নেটওয়ার্কের সঙ্গে ২০১০ ‘সাইবার মহামারী’ সৃষ্টিকারী স্টাক্সনেটের মিল আছে বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। ড্রাগনফ্লাই রাষ্ট্রসমর্থিত একটি সংগঠন বলে মন্তব্য করেছে সিম্যানটেক।
