মাইক্রোসফটের স্মার্টওয়াচে ১১ সেন্সর!
সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের স্মার্টওয়াচ নিয়ে গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরেই। অক্টোবর মাসেই স্মার্টওয়াচটি বাজারে আসছে এমনটা শোনা যাচ্ছে বেশ জোরেসোরে। এর মধ্যেই নতুন গুঞ্জন; মাইক্রোসফটের স্মার্টওয়াচে থাকবে ১১টি সেন্সর।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, মাইক্রোসফটের স্মার্টওয়াচে ১১ সেন্সর থাকার দাবি করেছে অনলাইনে হার্ডওয়্যার বিক্রেতা টমস হার্ডওয়্যারের সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র। স্মার্টওয়াচটিতে টেক্সাস ইন্সট্রুমেন্টস এবং অ্যাটমেলের তৈরি চিপ ব্যবহৃত হবে বলেও দাবি করেছে ওই সূত্র।
মাইক্রোসফটের স্মার্টওয়াচ শীর্ষ তিন অপারেটিং সিস্টেম উইন্ডোজ, অ্যান্ড্রয়েড এবং আইওএস এর কাজ করবে-- শোনা যাচ্ছে এমনটাও। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ওপেন অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসও থাকবে এতে।
স্মার্টওয়াচটিতে ব্যবহারকারীর হৃদস্পন্দনের উপর নজরদারির জন্য আলাদা সেন্সর থাকবে এমনটা শোনা যাচ্ছে আগে থেকেই। আর ডিসপ্লেটি নাকি থাকবে হাতের ভেতরের দিকে।
তবে স্মার্টওয়াচ ইস্যুতে আনুষ্ঠানিকভাবে এখনও মুখ খোলেনি মাইক্রোসফট। জোর গুজব, অক্টোবর মাসেই বাজারে আসছে ডিভাইসটি।
ওই একই সময়ে অ্যাপলের আইওয়াচও বাজারে আসবে শোনা যাচ্ছে। সব গুজব সত্যি করে যদি একই সময়ে অ্যাপল আর মাইক্রোসফটের স্মার্টওয়াচ বাজারে আসে তবে অ্যাপল-মাইক্রোসফট দ্বৈরথে যোগ হবে নতুন মাত্রা।
