২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অতঃপর প্রাইভেসি মামলায় গুগল

মামলা ঠেকানোর আপ্রাণ চেষ্টার পরও গুগলের আপিল খারিজ করে দিয়েছে আদালত। প্রাইভেসি আইন ভঙ্গের অভিযোগে ভূক্তভোগীদের মামলা ঠেকাতে আদালতে আপিল করেছিল ওয়েবজায়ান্ট গুগল। গুগলের সেই আপিল মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট খারিজ করে দেওয়ায় এবার মামলার মুখে পড়তে চলেছে প্রতিষ্ঠানটি।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2014, 07:35 PM

Updated : 25 Apr 2022, 04:23 PM

বার্তাসংস্থা বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ঘটনার সূত্রপাত ২০০৮-২০১০ সালের মধ্যে। স্ট্রিট ভিউ প্রোগ্রাম নিয়ে ডেটা সংগ্রহের সময় আনএনক্রিপ্টেড ওয়াই-ফাই নেটওয়ার্ক থেকে ব্যবহারকারীদের ইমেইল, ইউজার নেইম, পাসওয়ার্ডের মতো বিভিন্ন ডেটা সংগ্রহ করেছিল গুগলের স্ট্রিট ভিউ কার।

ওই ডেটা অনিচ্ছাকৃতভাবে সংগ্রহ করা হয়েছিল বলে গুগল দাবি করলেও, ওয়েবজায়ান্টের বিরুদ্ধে প্রাইভেসি আইন ভঙ্গের অভিযোগে প্রায় ১ ডজন মামলা করেছিলেন ভুক্তভোগীরা। ভূক্তভোগীদের সব অভিযোগ আর মামলা স্যান ফ্রান্সিসকোর আদালতে এক ‘ক্লাস অ্যাকশন’ মামলার অধীনে নিয়ে আসা হয় ২০১১ সালে।

সেই মামলাটি যেন গ্রহণ করা না হয় সে জন্যে আদালতে আপিল করেছিল গুগল। সেই আপিলই খারিজ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। ফলে মামলার কার্ক্রম তো শুরু হচ্ছেই, দোষী প্রমাণিত হলে কড়া শাস্তির মুখে পড়তে পারে প্রতিষ্ঠানটি।    

আমেরিকার ‘ওয়্যারট্যাপ অ্যাক্ট’ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে গুগলের বিরুদ্ধে। এই আইনের আওতায় ইলেকট্রনিক কমিউনিকেশনের ক্ষেত্রে তথ্য সংগ্রহ ও ব্যবহার নিয়ন্ত্রণ করা হয়ে থাকে।

তবে ‘এক্সেসেবল টু দ্য পাবলিক এক্সেপশন’ – আইনের আওতায়  ব্যবহারকারীদের ওই তথ্যগুলো সংগ্রহ করা বৈধ ছিল বলে গুগলের দাবি।-- জানিয়েছে বিবিসি।