হাতাহাতিও থাকবে ফিফা ১৫-এ
‘ইএ স্পোর্টস ইটারনাল’ সিরিজের সর্বশেষ গেইম ‘ফিফা ১৫’। কম্পিউটার গেইমটিতে খেলার মাঠের নাটকীয়তা ফুটিয়ে তুলতে চেষ্টার কমতি রাখেনি নির্মাতা ইলেক্ট্রনিক আর্ট (ইএ)। খেলোয়াড়দের গোল উৎসব, দর্শকদের উন্মাদনা, এমনকি বাস্তবতার সঙ্গে মিল রেখে প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতিও হবে গেইমেই।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, বাস্তব খেলার মাঠে খেলোয়াড়দের বিভিন্ন আচরণ দেখা যাবে গেইমটিতে। গোল দেওয়ার উত্তেজনার প্রকাশভঙ্গি অথবা গোল করতে না পারার হতাশা প্রকাশভঙ্গিও হবে ব্রাজিল বিশ্বকাপের মাঠের মতোই। অফসাইডের সিদ্ধান্তগুলো দিতে কিছুটা বাড়তি সময় নিয়ে উত্তেজনার আগুনে ঘি ঢালতে একটু বেশি সময় নেবেন রেফারিরা।
দলের পারফর্মেন্সের ভিত্তিতে খেলোয়াড়দের মনোভাবেও পরিবর্তন আসতে দেখা যাবে গেইমটিতে। ভালো খেললে তার জন্য তালি দেবে অন্যান্য খেলোয়াড়রা, খেলা খারাপ হলে মাথা ঝাঁকিয়ে দেখাবে। ছোটখাটো ফাউলগুলো নিয়ে মাথা না ঘামালেও একাধিক ফাউল করলে প্রতিপক্ষের সঙ্গে লেগে যেতে পারে হাতাহাতি।
খেলার মাঠের পরিবেশেও পরিবর্তন এনেছে ইলেক্ট্রনিক আর্টস। জনপ্রিয় দলগুলোর খেলার সময় ব্যাকগ্রাউন্ডে উৎসব করতেও দেখা যাবে সমর্থকদের।
ড্রিবলিং ও স্কিল মুভগুলো করা যাবে আরও মসৃণভাবে। যেমন খেলোয়াড়কে ৩৬০ ডিগ্রি ঘুরালে তিন খণ্ডে বিভক্ত অ্যানিমেশনের বদলে একটি অ্যানিমেশনেই ঘুরবে। এছাড়া বল ড্রিবলিংয়ের সময় নিয়ন্ত্রণ করা যাবে প্রতিটি স্পর্শ।
