‘সিরি’-র ভবিষ্যৎ নিয়ে তৎপর অ্যাপল
ভার্চুয়াল অ্যাসিসট্যান্ট সিরির ভবিষ্যৎ নিশ্চিৎ করতে এবার নিজস্ব ‘স্পিচ রিকগনিশান টিম’ দাঁড়া করাচ্ছে টেক জায়ান্ট অ্যাপল। সিরির জন্য ব্যবস্থাপনা থেকে শুরু করে গবেষণা বিভাগের জন্যও নাকি কর্মী সংগ্রহ করছে মার্কিন প্রতিষ্ঠানটি।
ম্যাকরিউমার ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, শুরু থেকেই সিরি নির্মাণের দায়িত্ব ছিল মার্কিন সফটওয়্যার নির্মাতা নুয়েন্স কমিউনিকেশন্সের। সম্ভাব্য মালিকানা হাতবদল নিয়ে নুয়েন্স আর স্যামসাংয়ের মধ্যে আলোচনা চলছে সম্প্রতি এমন খবর প্রকাশিত হওয়ার পর প্রশ্ন উঠেছিল সিরির ভবিষ্যৎ নিয়ে। এর মধ্যেই অ্যাপল সিরির জন্য নিজেদের ‘স্পিচ রিকগনিশন টিম’ দাঁড় করাচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ওয়ার্ড ডটকম।
“শুধু ব্যবস্থাপনা স্তরের জন্যই নয়, গবেষণার জন্যও নতুন কর্মী সংগ্রহ করছে অ্যাপল। স্পিচ রিকগনিশন গবেষণার জন্য বেশ শক্ত একটা দল দাঁড় করাচ্ছে তারা।”-- বলেন ইউনিভার্সিটি অফ টরন্টোর গবেষক আবদেল-রাহমান মোহামেদ।
গত কয়েক বছর ধরেই স্পিচ রিকগনিশন গবেষকদের কর্মী হিসেবে সংগ্রহ করছে অ্যাপল। এদের বড় একটা অংশ কাজ করেন বস্টনে অবস্থিত অ্যাপলের অফিসে।
আইওএস ৮-এর সিরি নুয়েন্সের প্রযুক্তিনির্ভর হবে। তবে সাম্প্রতিক খবরগুলো সত্যি হলে বড় পরিবর্তন আসতে পারে সিরির পরবর্তী ভার্সনগুলোতে।
