মিউজিকে একচেটিয়া আচরণ ইউটিউবের
ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউবের বিরুদ্ধে ইউরোপিয়ান কমিশনে অভিযোগ নথিভুক্ত করেছে যুক্তরাজ্যভিত্তিক স্বতন্ত্র সংগীত প্রযোজক প্রতিষ্ঠান ইমপালা। অভিযোগে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ওয়েব জায়ান্ট গুগল মালিকানাধীন ইউটিউব তাদের একচেটিয়া ক্ষমতার অপব্যবহার করছে।
এক প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, সংগীত প্রযোজক ছোট প্রতিষ্ঠানগুলো, প্রচলিত ভাষায় যাদের ইনডি (ইনডিপেন্ডেন্ট-এর সংক্ষেপ) লেবেল বা ছোট লেবেল বলা হয়, তাদেরকে ইউটিউব চাপ দিচ্ছে নতুন করে চুক্তিতে আসার জন্য। এ-ও বলা হয়েছে, চুক্তিতে স্বাক্ষর না করলে তাদের সব ভিডিও ইউটিউব সাইট থেকে মুছে দেওয়া হবে।
ইউটিউবের পাঠানো চুক্তির শর্তাবলীও যুক্তিসঙ্গত নয় বলেই জানিয়েছে গার্ডিয়ান। বলা হয়েছে, বড় প্রযোজকদের সঙ্গে ইউটিউবের চুক্তির তুলনায় নতুন করে পাঠানো চুক্তির শর্তাবলী ‘অপেক্ষাকৃত নিকৃষ্ট মানের’।
ইউটিউব পাঁচটি ভিন্ন পন্থায় ইউরোপিয়ান বাজারে প্রতিযোগিতার নিয়ম ভঙ্গ করেছে বলে দাবি করেছে ইমপালা। এর পাশাপাশি ইউটিউবের এই প্রস্তাব ব্লক করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
“অনলাইন সংগীতে ইউরোপিয়ান বাজার এবং এ সংশ্লিষ্ট সেবার জন্য এখন একটি সংকটকাল চলছে।”- বলেছেন ইমপালার চেয়ারপার্সন হেলেন স্মিথ।
তবে ইউটিউবে মিউজিক ভিডিওর মধ্যে কত শতাংশ ইউরোপের সে বিষয়টি পরিষ্কার নয় বলেই জানিয়েছে গার্ডিয়ান। অন্যদিকে সংবাদ বিজ্ঞপ্তির বাইরে অভিযোগের বিস্তারিত বিষয় সম্পর্কে কিছু জানায়নি ইমপালাও।
ইমপালার অভিযোগের বিষয়ে কোনো গুগল কোনো মন্তব্য করেনি বলেই জানিয়েছে গার্ডিয়ান।
