মনস্তাত্ত্বিক পরীক্ষা: সমালোচনায় ফেইসবুক
না জানিয়ে প্রায় সাত লাখ ব্যবহারকারীর ওপর মনস্তাত্বিক পরীক্ষা চালানোয় সমালোচনার মুখে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক। ওই মনস্তাত্বিক পরীক্ষায় ব্যবহারকারীদের নিউজ ফিডে ইতিবাচক পোস্ট এবং নেতিবাচক পোস্টের মাধ্যমে সেগুলো তাদের ওপর কী ধরনের প্রভাব ফেলছে তা দেখা হয়েছিল।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পরীক্ষাটিতে ফেইসবুকের সঙ্গে কর্নেল ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া অ্যাট স্যান ফ্রান্সিসকোও জড়িত ছিল।
ফেইসবুক জানিয়েছে, কোনো অপ্রয়োজনীয় ডেটা তারা সংগ্রহ করেনি।
“যেসব ডেটা ব্যবহার করা হয়েছিল তার কোনোটিই কোনো নির্দিষ্ট ব্যক্তির ফেইসবুক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করা হয়নি।”
কিন্তু এগুলো জানালেও পরীক্ষাটি নিয়ে সমালোচনা এড়াতে পারেনি ফেইসবুক। মাইক্রোব্লগিং সাইট টুইটারে লরেন ওয়েনস্টিন এ বিষয়টি নিয়ে লিখেছেন, “ফেইসবুক গোপনে ব্যবহারকারীদের ওপর পরীক্ষা চালিয়ে তাদেরকে বিষন্ন বানানোর চেষ্টা করছে, এর চেয়ে বেশি কী আর হতে পারে?”
অন্যদিকে যুক্তরাজ্যে এই বিষয়ে তদন্তের জন্য নির্বাচিত কমিটির সদস্য লেবার এমপি জিম শেরিডান বলেছেন, “যদি মানুষের চিন্তা-চেতনাকে এভাবেই নিয়ন্ত্রণ করা হয় তবে তাদের নিরাপত্তার প্রয়োজন এবং অন্তত তাদেরকে জানিয়ে এসব কাজ করা উচিত।”
এই প্রসঙ্গে পরীক্ষাটির প্রতিবেদনের সহ-রচয়িতা ফেইসবুকের অ্যাডাম ক্র্যামার বলেছেন, “আমরা বুঝতে পারছি কেন কিছু সংখ্যক ব্যক্তি এ বিষয়ে চিন্তিত এবং আমরা আসলেই দুঃখিত প্রতিবেদনে পরীক্ষাটিকে এভাবে তুলে ধরার জন্য।”
