২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জনবল তৈরিতে একসঙ্গে মাইক্রোসফট-বেসিস

সারাদেশে ১০ লাখ দক্ষ আইটি প্রোফেশনাল তৈরির লক্ষ্যে ‘ওয়ান বাংলাদেশ’ বাস্তবায়নে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং মাইক্রোসফট বাংলাদেশ। এ লক্ষ্যে বেসিস এবং মাইক্রোসফট বাংলাদেশের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2014, 07:44 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

এক বিজ্ঞপ্তিতে বেসিস জানিয়েছে, বেসিস সভাপতি শামীম আহসান এবং মাইক্রোসফট বাংলাদেশের নবনিযুক্ত কান্ট্রি ম্যানেজার সোনিয়া বশির কবীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইক্রোসফটের এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহ-সভাপতি সিজার সারনুডা।

টেকনোলজি অ্যান্ড সফটওয়্যার, লাইসেন্সিং, সাইবার নিরাপত্তাসহ আইপিআর এর উপর পৃথক কর্মশালাও যৌথভাবে পরিচালনা করবে প্রতিষ্ঠানদুটি।

এ বিষয়ে বেসিস সভাপতি বলেন, ‘এ উদ্যোগের আওতায় সারাদেশে ১০ লাখ আইটি প্রোফেশনাল তৈরীসহ সরকারি ও বেসরকারি পর্যায়ে লাইসেন্সিং সম্পর্কিত, সাইবার নিরাপত্তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সহায়তা প্রদান করবে মাইক্রোসফট।”

সোনিয়া বশির কবীর বলেন, ওয়ান বাংলাদেশ লক্ষ্য অর্জনে বেসিসের সাথে কাজ করতে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করে ‘আমরা আনন্দিত’।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি আলমাস কবির, মাইক্রোসফটের এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহ-সভাপতি সিজার সারনুডা, মাইক্রোসফট বাংলাদেশের বিদায়ী কান্ট্রি ম্যানেজার পুবুদু বসনায়েক এবং বেসিসের নির্বাহী পরিচালক সামি আহমেদ উপস্থিত ছিলেন।