ফেইসবুকে বৃহত্তম ডেটা হস্তান্তর আদেশ
আদালতের এক নির্দেশের বিরুদ্ধে আইনি লড়াই করছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক। আদালতের ওই নির্দেশ, ফেইসবুককে প্রায় চারশ’ ব্যক্তির ডেটা হস্তান্তর করতে বাধ্য করেছিল।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যাদের ডেটা হস্তান্তর করা হয়েছিল তারা এক ‘বেনিফিট ফ্রড’ মামলার সঙ্গে জড়িত ছিলেন।
এ প্রসঙ্গে ফেইসবুক জানিয়েছে, সেবারই প্রথম সরকার কর্তৃপক্ষের কাছ থেকে এত ব্যক্তির ডেটা হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছিল প্রতিষ্ঠানটিকে। ওই নির্দেশের কারণে ২১০৩ সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আদালতে ফেইসবুককে সেসব ব্যক্তির সব ছবি, ব্যক্তিগত মেসেজ এবং অন্যান্য তথ্য হস্তান্তর করতে হয়েছিল।
এছাড়াও ডেটা হস্তান্তরের বিষয়টি ফেইসবুককে গোপন রাখার নির্দেশও দেওয়া হয়েছিল। কিন্তু প্রতিষ্ঠানটি এ সম্পর্কে জানিয়েছিল, এটি সংবিধানবিরোধী আদেশ। যুক্তরাষ্ট্রের সংবিধান মোতাবেক কারও কোনো কিছু বিনাকারণে তল্লাশি বা জব্দ করা যাবে না। এ ছাড়াও আরও বেশ কিছু প্রশ্ন তুলেছিল প্রতিষ্ঠানটি। তার মধ্যে অন্যতম একটি প্রশ্ন ছিল, মামলার সঙ্গে সম্পর্ক নেই এ ধরনের ব্যক্তিগত ডেটা নেওয়ার প্রয়োজনীয়তা প্রসঙ্গে।
অবশেষে ফেইসবুকের এক আপিলের ফলে এই বছরের জুন মাসে নিউ ইয়র্কের ওই বিচারককে বিষয়টি প্রকাশ করতে হয়েছে। তবে আপিল রায়ে প্রতিষ্ঠানটিকে ‘ডিজিটাল ল্যান্ডলর্ড’ বলা হয়েছে। এই খেতাবের অর্থ প্রসঙ্গে এক বিচারক বলেছেন, “এর অর্থ হচ্ছে প্রতিষ্ঠানটিকে সার্চ ওয়ারেন্টে অবশ্যই সহযোগিতা করতে হবে।”
কিন্তু অপরাধী সন্দেহে যাদের ডেটা নেওয়া হয়েছিল তাদের ফেইসবুক অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই বলেই জানিয়েছে বিবিসি। অন্যদিকে ম্যানহাটন ডিস্ট্রিক্ট আইনজীবীর একজন মুখপাত্র জানিয়েছেন, “অভিযুক্ত ব্যক্তিরা ওই মামলায় সরকারের কাছে দৈহিক, মানসিক এবং সামাজিক সক্ষমতা সম্পর্কে মিথ্যা বলেছিল, কিন্তু তাদের ফেইসবুক অ্যাকাউন্ট জানিয়েছে সত্য ঘটনা।”
