বেসিসের নতুন কমিটি নির্বাচিত
শনিবার অনুষ্ঠিত হল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফর্মেশন সার্ভিসেস-এর (বেসিস) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন। নির্বাচিতরা ২০১৪-১৬ মেয়াদে দেশের সফটওয়্যার ও আইটি সেবা শিল্পের শীর্ষ সংগঠনটির নেতৃত্ব দেবেন।
এক বিজ্ঞপ্তিতে বেসিস জানিয়েছে, নির্বাচিত ৯ জনের মধ্যে পদ বন্টন করা হবে ৩০ জুন।
১১ জন প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন সিসটেক ডিজিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা এম রাশিদুল হাসান। তার প্রাপ্ত ভোট ১৫৬। অন্যদের মধ্যে রয়েছেন, টেকনোবিডি ওয়েব সলিউশন্স (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহ ইমরাউল কায়ীশ (১৪৪ ভোট), অ্যাডভান্সড ইআরপি’র ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান সোহেল (১৪৩ ভোট), ই-সফটের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল হাসান (১৪২ ভোট), এখনি ডটকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম আহসান (১৩৭ ভোট), আপডেট সলিউশন্স টেকনোলজিস লিমিটেডের পরিচালক সামিরা জুবেরী হিমিকা (১৩২ ভোট), মাল্টিমিডিয়া কনটেন্ট অ্যান্ড কমিউনিকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সানি মো. আশরাফ খান (১২৮ ভোট) এবং টিম ক্রিয়েটিভের প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল টি আহমেদ (১২৫ ভোট)।
কারওরান বাজারে বিডিবিএল ভবনের ৫ম তলায় বেসিস অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই নির্বাচনের ভোট গ্রহণ চলে। নির্বাচন বোর্ডে এসএম কামাল চেয়ারম্যান এবং মোস্তফা রফিকুল ইসলাম ও বীরেন্দ্র এন অধিকারীকে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে ছিলেন এ তৌহিদ এবং সদস্য হিসেবে সৈয়দ মামনুন কাদের ও ফোরকান বিন কাশেম দায়িত্ব পালন করছেন।
এবারের বেসিস নির্বাচনে সাধারণ সদস্য শ্রেণিতে ২০১ জন এবং সহযোগী শ্রেণিতে ৯৭ জন সদস্য মিলে মোট ২৯৮ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ১৬১ জন। এর মধ্যে সহযোগী সদস্য শ্রেণিতে বেস্ট বিজনেস বন্ডের ব্যবস্থাপনা পরিচালক উত্তম কুমার পাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে সাধারণ শ্রেণির সদস্যরাই কেবল ভোট দেন।
