২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুগল আই/ও- তে নতুন যা

সম্প্রতি শেষ হয়েছে ওয়েব জায়ান্ট গুগলের ডেভলপার্স কনফারেন্স আই/ও। প্রথম দিনেই গুগলের সুন্দার পিচাই জানিয়েছেন, বর্তমানে বিশ্বে শতকোটিরও উপর মানুষ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন, বৈশ্বিক বাজারে অ্যান্ড্রয়েড ট্যাবলেট ৬২ শতাংশ বাজার ধরে রেখেছে, প্রতিদিন অ্যান্ড্রয়েড ডিভাইসের মাধ্যমে দুই হাজার কোটি টেক্সট মেসেজ এবং নয় কোটি ৩০ লাখেরও বেশি সেলফি তোলা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2014, 08:08 PM

Updated : 25 Apr 2022, 04:22 PM

প্রযুক্তিবিষয়ক সাইট টেকট্রি এক প্রতিবেদনে জানিয়েছে, এসব তথ্যাদি ছাড়াও বেশ কিছু সংখ্যক নতুন সেবার ব্যাপারে ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

টেকট্রির প্রতিবেদনের আলোকে গুগল আই/ও এর প্রথম দিনে ঘোষিত নতুন বিষয়গুলো তুলে ধরা হল--

১. অ্যান্ড্রয়েড এল

অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ আসার বিষয়টি নিশ্চিত করেছে গুগল। নতুন এ সংস্করণটির নাম দেওয়া হয়েছে ‘অ্যান্ড্রয়েড এল’। গুগলের ‘ম্যাটিরিয়াল ডিজাইন’ ল্যাঙ্গুয়েজে তৈরি করা হয়েছে অ্যান্ড্রয়েড এল। নতুন এ সংস্করণটিতে থাকছে আধুনিক ইউজার ইন্টারফেইস, উন্নত নোটিফিকেশন সিস্টেম এবং এআরটি-কে সিস্টেম ডিফল্ট রানটাইমে নিয়ে আসা হয়েছে।

২. অ্যান্ড্রয়েড ওয়ান

সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের স্বল্পদামি উইন্ডোজ ফোনের সঙ্গে প্রতিযোগিতা বজায় রাখতে গুগল শুরু করছে অ্যান্ড্রয়েড ওয়ান নামের কর্মসূচি। এই কর্মসূচির অধীনে, গুগলের হ্যান্ডসেটের হার্ডওয়্যার সম্পর্কে নিজস্ব মত প্রকাশ করতে পারবে এবং যেসব প্রতিষ্ঠান গুগলের সঙ্গে একমত হতে পারবে সেসব প্রতিষ্ঠান নিজেদের স্বল্পদামি ফোনে অ্যান্ড্রয়েড ব্যবহার করতে পারবে এবং এসব হ্যান্ডসেটের অপারেটিং সিস্টেম আপডেটও গুগলই পরিচালনা করবে।

৩. অ্যান্ড্রয়েড ওয়্যার

মার্চে ঘোষণা দেওয়া গুগলের হার্ডওয়্যার অংশীদাররা আই/ও-এর প্রথম দিন উন্মোচন করেছে কিছু সংখ্যক অ্যান্ড্রয়েড ওয়্যার স্মার্টফোন। এলজি নিয়ে এসেছে জি ওয়াচ। এলজি জি ওয়াচে রয়েছে ১.৬ ইঞ্চির আইপিএস টাচ স্ক্রিন এবং স্ন্যাপড্রাগন ৪০০ প্রসেসর। এছাড়াও এটি ধুলা এবং পানিরোধক বলেই জানিয়েছে টেকট্রি।

অন্যদিকে স্যামসাং নিয়ে এসেছে ‘গিয়ার লাইভ’। ১.৬৩ ইঞ্চি গিয়ার লাইভে রয়েছে ১.২ গিগাহার্টজ প্রসেসর। গিয়ার ফিটের মতো গিয়ার লাইভেও হৃৎস্পন্দন পর্যবেক্ষণ ফিচার রয়েছে বলে জানিয়েছে টেকট্রি।

৪. অ্যান্ড্রয়েড টিভি

২০১০ সালের পর গুগল টিভি’র পর এবার প্রতিষ্ঠানটি নতুন করে নিয়ে এসেছে অ্যান্ড্রয়েড টিভি। বড় পর্দার জন্য ডিজাইন করা হয়েছে অ্যান্ড্রয়েড টিভির ইউজার ইন্টারফেইস। দেখতে অনেকটাই উইন্ডোজ ৮ এর স্টার্ট স্ক্রিনের মতো বলেই মন্তব্য করেছে টেকট্রি। অ্যান্ড্রয়েড টিভির উৎপাদন অংশীদার হিসেবে থাকছে সনি, শার্প এবং এলজি।

৫. ক্রোমকাস্ট আপডেট

নিজেদের ওয়াই-ফাই স্ট্রিমিং ডিভাইস ক্রোমকাস্টের নতুন আপডেটের বিষয়েও জানিয়েছে গুগল। ক্রোমকাস্টের মাধ্যমে এখন মিডিয়া স্ট্রিমিংয়ের পাশাপাশি ফোন বা ট্যাবলেটের স্ক্রিনও টিভিতে দেখা যাবে। এতদিন পর্য।ন্ত স্মার্টফোন এবং ক্রোমকাস্টকে একই ওয়াই-ফাই নেটওয়ার্কে থাকতে হত। তবে নতুন সফটওয়্যার আপডেটের কারণে এখন আর ওয়াই-ফাই রাউটার-এর প্রয়োজন পড়বে না বলেই জানিয়েছে টেকট্রি। এখন ক্রোমকাস্টে সরাসরি স্মার্টফোন সংযুক্ত করা যাবে।

এছাড়াও ব্যাকড্রপ নামের নতুন এক ফিচারের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে গুগল। ফিচারটির মাধ্যমে পছন্দের ওয়ালপেপার বা ছবি নির্বাচন করে আইডল মোডে ডিসপ্লে’তে রাখতে পারবেন, চাইলে নিউজ ফিডও রাখা যাবে। আর উৎপাদনকারীরা তাদের টিভিকেই অ্যান্ড্রয়েড টিভি প্ল্যাটফর্ম পরিণত করতে পারবেন। বিদ্যমান হার্ডওয়্যারের জন্য গুগল সেট-টপ বক্স দেবে বলেই জানিয়েছে টেকট্রি।