গাড়ির জন্য ‘অ্যান্ড্রয়েড অটো’
বুধবার ওয়েব জায়ান্ট গুগল নিজেদের নতুন অপারেটিং সিস্টেম ‘অ্যান্ড্রয়েড অটো’ উন্মোচন করেছে। গাড়ির ড্যাশবোর্ড ডিসপ্লের জন্য তৈরি করা হয়েছে বিশেষ এই ওএস।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, গাড়িচালকদের এই সফটওয়্যারটির সুবিধা নিতে নিজস্ব অ্যান্ড্রয়েড ডিভাইস গাড়ির সঙ্গে যুক্ত করতে হবে।
নিজস্ব অ্যান্ড্রয়েড ডিভাইসটি গাড়ির সঙ্গে সংযুক্ত করে ড্যাশবোর্ডের মনিটরে ভিন্ন অ্যাপ ও ম্যাপ, স্পটিফাই এবং ভয়েস কলের মতো ফিচার চালানো সম্ভব হবে। গাড়িচালক শুধু স্পর্শের মাধ্যমেই ড্যাশবোর্ডর স্ক্রিনটি নিয়ন্ত্রণ করতে পারবেন।
এ প্রসঙ্গে গুগল আই/ও-তে বুধবার অ্যান্ড্রয়েড প্রকৌশল বিভাগের পরিচালক প্যাট্রিক ব্র্যাডি বলেন, “অনেকভাবেই গাড়ি আমাদের চারপাশের বিশ্বের সঙ্গে সংযুক্ত করে, কিন্তু গাড়িগুলো আমাদের ডিজিটাল জীবনের অন্যান্য ডিভাইসের সঙ্গে সংযুক্ত থাকে না।”
ব্র্যাডি দাবি করেছেন, গাড়ি চালানোর সময় গ্যাজেট ব্যবহারই যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ দুর্ঘটনার কারণ। অ্যান্ড্রয়েড অটোতে কোনো প্রকার তরঙ্গ ছাড়া কেবলের মাধ্যমে নিজের ডিভাইসটি সংযুক্ত করতে হবে, ফলে ফোনের কারণে দুর্ঘটনার ঝুঁকি কমে আসবে। ফোনটি সংযুক্ত করা মাত্র গাড়ির ড্যাশবোর্ড ডিসপ্লেতে গুগল প্লে মিউজিক এবং গুগল ম্যাপসের মতো পাঁচটি ফিচারের ট্যাব দেখা যাবে।
এ প্রসঙ্গে গুগলের একজন মুখপাত্র জানিয়েছেন, ম্যাপস ফিচারটির মাধ্যমে স্ক্রিনে বা স্টিয়ারিং হুইলে হালকা টোকা দিয়ে শব্দ করে গন্তব্যের নাম বললেই তা স্ক্রিনে দেখা যাবে। ম্যাপস নিজে থেকেই গন্তব্যে পৌঁছানোর সবচেয়ে ভালো রাস্তাটি খুঁজে বের করবে এবং তা দেখাবে।
অন্যদিকে গাড়ির নানা যান্ত্রিক তথ্যও জানা সম্ভব হবে এই সফটওয়্যারটির মাধ্যমে। গুগল মুখপাত্রের তথ্য অনুসারে, কোন কোন যান্ত্রিক তথ্য শেয়ার করা যাবে, সে বিষয়টি ঠিক করতে গুগল উৎপাদনকারীদের সঙ্গে কাজ করছে। সফটওয়্যারটি গাড়ির ছোটখাটো যান্ত্রিক ত্রুটিও খুঁজে বের করতে সক্ষম বলেও জানিয়েছেন গুগল মুখপাত্র।
তবে কবে নাগাদ অ্যন্ড্রয়েড অটো রাস্তায় আসবে সে বিষয়ে কিছু জানা না গেলেও প্রত্যাশা করা হচ্ছে এই বছরের শেষ নাগাদ প্রযুক্তিটি গাড়িতে ব্যবহৃত হতে দেখা যেতে পারে।
