২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ার বাজারে অভিনব অভিষেক গোপ্রো-র

সার্ফিং, স্কাই ডাইভিং এর মত ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহৃত ক্যামেরা প্রস্তুতকারী প্রতিষ্ঠান গোপ্রো এর মার্কেট শেয়ার প্রায় ৩৮ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের সর্বোচ্চ মূল্য এসে দাঁড়ায় ৩৩ ডলারে।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2014, 08:03 PM

Updated : 25 Apr 2022, 04:22 PM

মার্কিন ইলেক্ট্রনিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০১১ সালে হেডফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কালক্যান্ডির পর গোপ্রো-ই সর্বপ্রথম তালিকাভুক্ত হয় শেয়ারবাজারে। প্রতিষ্ঠানটির মূল্যায়ন করা হয়েছে ৪০০ কোটি ডলার।

ঝুঁকিপুর্ণ কাজে ব্যবহারযোগ্য ক্যামেরা তৈরির ধারণাটি গোপ্রো-র প্রতিষ্ঠাতা নিক উডম্যানের মাথায় আসে অস্ট্রেলিয়ার এক সার্ফিং ট্রিপে গিয়ে। প্রাথমিক পর্যায়ে ক্যালিফোর্নিয়ার সমুদ্র সৈকতে ঝিনুকের নেকলেস বিক্রি করে ক্যামেরা তৈরির তহবিল সংগ্রহ করেছিলেন উডম্যান, জানিয়েছে রয়টার্স।

আইপড ও আইপ্যাডের পর অন্য কোনো ইলেক্ট্রনিক প্রতিষ্ঠানই বাজারে  গোপ্রো-র মতো প্রভাব বিস্তার করতে পারেনি, মন্তব্য করেন ডয়েরটি অ্যান্ড কো-এর এনালিস্ট চার্লি এন্ডারসন। তার হিসেবে বাজারের প্রায় ৯০ শতাংশই গোপ্রো-র দখলে।

সর্বমোট ৮৯ লাখ শেয়ার বিক্রি করে গোপ্রো। এর মধ্যে প্রতিষ্ঠানটির ৪৮ শতাংশ শেয়ারের মালিক ও সিইও নিক উডম্যান বিক্রি করেন ৩৬ লাখ শেয়ার। বাকি শেয়ারগুলো বিক্রি করে ১৬ শতাংশ শেয়ারের মালিক রিভারউড ক্যাপিটাল এলপি, ১০ শতাংশ শেয়ারের মালিক তাইওয়ানের হোন হাই পারসিশন ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেড ও ৬ শতাংশ শেয়ারের মালিক সেজভিউ।