প্রজেক্ট আরা-র নমুনা দেখাল গুগল
ফেব্রুয়ারিতে ঘোষিত প্রজেক্ট আরা (Ara)-র নমুনা দেখানো হল গুগলের ডেভেলপারদের, জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল।
স্যান ফ্র্যান্সিসকোর মসকোন সেন্টারে অনুষ্ঠিত ডেভেলপারদের সম্মেলন গুগল আইও-তে নমুনাটি দেখলেন প্রজেক্ট আরা-র প্রধান পল ইরিমেনকো। প্রদর্শনীতে প্রজেক্টটি ফোনে সম্পূর্ণ লোড করা সম্ভব হয়নি বলেই জানিয়েছে ম্যাশএবল। তবে দর্শকদের মধ্যে প্রজেক্টটি নিয়ে ব্যাপক উৎসাহ দেখা গেছে।
প্রজেক্টটি এখনও প্রক্রিয়াধীন এবং টেকনোলজিটিকে একটি ফোনে ব্যবহারযোগ্য করে তোলাটা একটি বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করলেন ইরিমেনকো।
নমুনা ফোনটির ডিজাইনকে বাক্স বা ইটের সাথে তুলনা করেছে ম্যাশএবল। গুগলের পুর্ববর্তী মডিউলার ফোনগুলোর ডিজাইন আরা-র থেকে অনেক ভালো ছিল বলে মন্তব্য করে সাইটটি।
সমস্যাটি সম্পর্কে ইরিমেনকো বলেন, “মডিউলার ফোনগুলোর গতানুগতিক চারকোনাকার ডিজাইন থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে।”
বৃহস্পতিবার প্রজেক্ট আরা-র ডিজাইন নিয়ে ডেভেলপারদের জন্য একটি প্রতিযোগিতার ঘোষণা দিয়েছেন পল ইরিমেনকো।
আগ্রহী ডেভেলপারদের পহেলা সেপ্টেম্বরের মধ্যে প্রজেক্ট আরা-র ডিজাইন জমা দিতে হবে, বিজয়ীকে দেওয়া হবে ১ লাখ ডলার পুরস্কার।
