নৈতিকতা শেখায় মারকুটে ভিডিওগেইম
মারকুটে এবং উগ্র ভিডিও গেইম খেলায় যারা অভ্যস্ত তাদের আচরণেও ওই খেলার প্রভাব পরে, এমনটাই ভাবা হয় দীর্ঘদিন ধরে। তবে সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, যারা এ ধরনের গেইম খেলে অভ্যস্ত তাদের মধ্যে নৈতিক সংবেদনশীলতা কাজ করে থাকে।
গবেষণায় জানা গেছে, যারা এ ধরনের ‘ভায়োলেন্ট’ ভিডিওগেইমস খেলে অভ্যস্ত, তাদের মধ্যে অনেক সময় এক ধরনের অপরাধবোধ কাজ করে। আর তাই তারা গেইমসগুলোতে যে অপরাধমূলক কাজগুলো করে থাকে সেগুলো বাস্তব জীবনে করা থেকে বিরত থাকে।
ইউনিভার্সিটি অ্যাট বাফেলো-র সহকারী অধ্যাপক ম্যাথিউ গ্রিজার্ড বলেন, “অনেকের ধারণা ভায়োলেন্ট ভিডিও গেইম যারা নিয়মিত খেলেন তাদের মধ্যে অনৈতিক কর্মকাণ্ড করার মনোভাব বেড়ে যায়। তবে গবেষণায় জানা গেছে এ ধারণাটি পুরোপুরি ভুল। যারা মারকুটে ধাঁচের ওই গেইমগুলো খেলেন তাদের মধ্যে উল্টো নৈতিকতা বাড়ে।”
গ্রিজার্ড আরও বলেন, “গেইমসের যে অপরাধমূলক কাজগুলো তারা করেন তার প্রভাবে তারা অনেক সময় বাস্তব জীবনে অন্যের লাভ হয় এমন কাজ করার প্রতি আগ্রহী হয়ে থাকেন।”
“ভিডিও গেইমসের অনৈতিক কর্মকাণ্ড প্রভাব ফেলে প্লেয়ারের মানসিক অবস্থায়। আর এটি তাদের মধ্যে অপরাধবোধ জন্মায়।”
এ বিষয়টি নিয়ে কয়েকজন ভিডিওগেইম প্লেয়ারের উপর গবেষণা চালানো হয়। গ্রিজার্ড বলেন, “কোনো একজন প্লেয়ার ভায়োলেন্ট গেইম খেলার পর তার মধ্যে অপারাধবোধ জন্মায়। আর সেখান থেকে তারা বাস্তবে অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার চেষ্টা করে।”
