‘ফুলস্ক্রিন’ কিনতে চায় ইয়াহু
ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউবের কন্টেন্ট সেবাদাতা প্রতিষ্ঠান ‘ফুলস্ক্রিন’-কে ২৫ কোটি ডলারে কেনার প্রস্তাব দিয়েছে ইন্টারনেট জায়ান্ট ইয়াহু।
এক প্রতিবেদনে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউটিউবে প্রতি মাসে তিনশ’ কোটিরও বেশি মানুষ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠান ফুলস্ক্রিনের কন্টেন্ট দেখে থাকেন।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম স্কাইনিউজের তথ্য অনুসারে, তরুণ গ্রাহকদের কাছেও নিজেদের সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ফুলস্ক্রিন কেনার পরিকল্পনা করছে ইয়াহু। তবে ইউটিউবের কন্টেন্ট নির্মাতা এই প্রতিষ্ঠানটি কেনা নিয়ে ইতোমধ্যেই প্রাইভেট বিনিয়োগকারী প্রতিষ্ঠান চের্নিনের সঙ্গে ব্যবসায়িক প্রতিযোগিতায় জড়িয়ে পড়েছে ইয়াহু।
স্কাইনিউজ জানিয়েছে, ২০১৩ সালের জুন মাসেই চের্নিন বিশ্বের বৃহত্তম বিজ্ঞাপনদাতা গ্রুপ ডব্লিইউপিপি (WPP) এবং কমকাস্ট ভেনচার্সের পাশাপাশি ‘ফুলস্ক্রিন’ প্রতিষ্ঠানটির শেয়ার কিনেছিল।
অন্য কোনো প্রতিষ্ঠান যদি ফুলস্ক্রিন কেনার জন্য ন্যূনতম ৩০ কোটি ডলারের প্রস্তাব না দেয় তাহলে পূর্ববর্তী প্রস্তাবিত মূল্য মোতাবেক চের্নিনের প্রতিষ্ঠাতা পিটার চের্নিন ২০১১ সালে প্রাক্তন গুগল নির্বাহী জর্জ স্ট্রমপোলোসের প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি কিনে নেওয়ার অধিকার রাখেন বলেই জানিয়েছে স্কাইনিউজ।
