২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রি-অর্ডারে গুগলের স্মার্টওয়াচ

প্রথম অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমভিত্তিক স্মার্টওয়াচ লঞ্চের ঘোষণা দিয়েছে ওয়েব জায়ন্ট গুগল। এ মাস থেকে প্রি-অর্ডারভিত্তিতে স্মার্টওয়াচের অর্ডার নিতে শুরু করবে প্রতিষ্ঠানটি।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2014, 06:51 PM

Updated : 25 Apr 2022, 04:22 PM

প্রযুক্তিভিত্তিক সংবাদের সাইট ম্যাশএবল জানায়, এলজি’র জি ওয়াচ এবং স্যামসাংয়ের গিয়ার লাইভ-- এ দুটি স্মার্টওয়াচের আকারই চারকোনা। তবে এতে একটু ভিন্নতা আনতে মটোরলার মটো ৩৬০ মডেলের গোলাকার ডায়ালের এই স্মার্টওয়াচটি এ বছরের গ্রীষ্মের শেষেই লঞ্চ করবে গুগল।

বিবিসির এক প্রতিবেদনে জুনিপার রিসার্চ কনসালটেন্সির স্টিফেন সরেল বলেন, “স্মার্টওয়াচের সবচেয়ে বড় সমস্যা হলো, এটি কি একটি ফোন নাকি শুধু একটি গ্যাজেট এ বিষয়টি নিয়ে মতোভেদ থেকেই যায়।”

“তবে, যখন অ্যান্ড্রয়েডভিত্তিক অপারেটিং সিস্টেমের বিষয়টি এরমধ্যে আনা হয়, তখন এর কাজের এবং ব্যবহারের বিষয়টি আরও স্পষ্ট বোঝা যায়। আর এ বিষয়টি মার্কেট আকৃষ্ট করতেও বেশ কার্যকর।”

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি এবং জাপানসহ প্রায় ১২টি দেশে পাওয়া যাচ্ছে এলজি-র জি ওয়াচ। এর বাজারমূল্য ২২৯ মার্কিন ডলার। স্যামসাংয়ের গিয়ার লাইভের দাম দুশ’ ডলার।