জাপানের জাদুঘরে ‘গাইড’ রোবট
জাপানের ন্যাশনাল মিউজিয়াম অফ ইমার্জিং সায়েন্স অ্যান্ড ইনোভেশন-এর গাইড হিসাবে নির্মাণ করা হয়েছে হুবহু মানুষের মতোই দেখতে রোবট। ওসাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিরোসি এসিগুরো মানুষের আদলে রোবট নির্মাণের গবেষণা করে আসছেন বহুদিন ধরেই। তার সর্বশেষ গবেষণার ফলাফল, মানুষেরই মতো ওই রোবটগুলো কাজ করবে জাদুঘরের গাইড হিসেবে।
প্রযুক্তিভিত্তিক সংবাদের সাইট ম্যাশএবল জানায়, ২৪ জুন জাপানের ওই জাদুঘরের গাইড হিসেবে তিনটি রোবট লঞ্চ করা হয়। এর মধ্যে একটি রোবট তৈরি করা হয়েছে তরুণ যুবকের চেহারায়। নাম কোডোমরয়েড। অপরটি পূর্ণবয়স্ক নারী চেহারায় অন্টোনারয়েড এবং শিশুদের সঙ্গে মিল রেখে নির্মিত অন্য রোবটটির নাম টেলেনয়েড।
মানুষের সঙ্গে মিল রেখেই নির্মিত হয়েছে এ রোবটগুলো। রোবটগুলোর সঙ্গে প্রথম দেখায় মানুষের সঙ্গে কোনো পার্থক্যই খুঁজে পাওয়া যাবে না। তাদের চেহারা নির্মাণের ক্ষেত্রেও কিছু কিছু ভাবভঙ্গি ফুটিয়ে তোলার প্রতি নজর রেখেছেন নির্মাতারা। আর এই রোবটগুলো চলাফেরাও করবে মানুষের মতোই।
কোডোমোরয়েড রোবটটি বিভিন্ন ভাষায় এবং বিভিন্ন আওয়াজে বিভিন্ন খবর পাঠ করবে দর্শনার্থীদের জন্য। অন্যদিকে অন্টোনারয়েড রোবেটটি জাদুঘরের দর্শকদের সঙ্গে কথোপকথন চালাতে পারবে। তবে তা খুবই সীমিত। আর, এখনও মাঝে মাঝে রোবোটগুলো নির্দেশনা ঠিকভাবে পালন করতে পারে না বা বুঝতে পারে না বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
টেলেনয়েড নামের রোবটটি আকারে ছোট। এর কোমড়ের নিচে পা খুবই ছোট। মূলত জাদুঘর ঘুরতে আশা শিশু এবং বৃদ্ধদের সঙ্গ দিতেই টেলেনয়েড রোবটটি নির্মিত হয়েছে।
বুধবার ২৫ জুন যাদুঘরে ‘অ্যান্ড্রয়েড: হোয়াট ইজ হিউম্যান’ প্রদর্শনীর অংশ হিসেবে থাকছে নতুন ওই গাইড রোবট তিনটি। রোবোটগুলোকে পরিচালনা এবং নির্দেশনা দেওয়া হবে রিমোট কন্ট্রোলারের মাধ্যমে।
এশিগুরো এর আগে চার ফুট উচ্চতার একটি রোবট নির্মাণ করেছিলেন। তবে সেটি দেখতে মানুষের মতো না হলেও ওই রোবটটি সিড়ি বাইতে পাড়ত, লাফাতে পারত, নাচতে পারত এবং বল নিয়ে থেলতেও পারত।
এশিগুরো অনেকদিন ধরেই মানুষের সঙ্গে মিল রেখে রোবট নির্মাণ করার চেষ্টায় ছিলেন। এরপর তিনি একটি রোবোট নির্মাণ করেন; যেটি দেখতে অনেকটাই তার মতো।
