২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ি পরিচালনায় গুগল নেস্ট

দৈনন্দিন কাজে ব্যবহৃত ইলেকট্রনিক পণ্যের সঙ্গে লিঙ্ক-আপ করা যাবে নেস্টের স্মার্ট থার্মোস্ট্যাট ও স্মোক অ্যালার্ম সিস্টেম। তবে কোন লিঙ্ক-আপ ব্যবহৃত হবে তা পছন্দ করবেন এর ব্যবহারকারী, জানালেন নেস্টের সহ-প্রতিষ্ঠাতা ম্যাট রজার্স।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2014, 04:50 PM

Updated : 22 Aug 2022, 06:35 PM

প্রাথমিক পর্যায়ে মার্সিডিজ বেঞ্জের গাড়ি ও জ’বোন আপ রিস্টব্যান্ডের সঙ্গে বাড়ির স্মার্ট থার্মোস্ট্যাট চালু করা, বা ঘরে ধোঁয়া চিহ্নিত করামাত্র স্মোক অ্যালার্ম চালু করার মতো কাজ এর মাধ্যমে করা যাবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

তবে হ্যাকাররা এই ফিচারটির দুর্বলতার সুযোগ নিতে পারে বলে বিবিসিকে সতর্ক করেছেন  এক বিশেষজ্ঞ।

অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউটের ডা. আয়ান ব্রাউন ইন্টারনেট ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা হিসেবে গুগলের প্রশংসা করেন। তবে এর দুর্বলতাগুলো সামনে আসতে কতটা সময় লাগে সেটাই দেখার বিষয় বলে মন্তব্য করেন তিনি।

হ্যাক হওয়ার আশঙ্কা এড়াতে পর্যাপ্ত পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি, নেস্টের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়েছেন ম্যাট রজার্স। তিনি আরও জানান, যে কোনো ব্যবহারকারীর অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভেট করা এবং এর সমস্ত তথ্য নষ্ট করে দেওয়ার ক্ষমতা থাকবে নেস্টের হাতে।

লিঙ্ক-আপগুলো কী কাজ করবে তার উদাহরণ হিসেবে রজার্স বিবিসি কে জানান, জ’বোন-এর আপ রিস্টব্যান্ডের সঙ্গে নেস্টের স্মার্ট থার্মোস্ট্যাট লিঙ্ক-আপ করা যাবে। ফলে আপ রিস্টব্যান্ড পরিধানকারীর ঘুম ভাঙার সঙ্গে সয়ংক্রিয়ভাবে চালু হবে হিটিং সিস্টেম।

মার্সিডিজ বেঞ্জ গাড়ি ব্যবহারকারীরা এই লিঙ্ক-আপ ব্যবহার করে বাড়িতে পৌঁছার আধা ঘণ্টা আগেই বাড়ির হিটিং সিস্টেম চালু করতে পারবেন।

এছাড়া শ্রবণ প্রতিবন্ধীরা স্মোক এলার্ম হিসেবে ব্যবহার করতে পারবেন লাইফ-এক্স এর ওয়াইফাইযুক্ত লাইট বাল্ব। ফলে নেস্টের স্মোক ডিটেকটর ধোঁয়া সনাক্ত করলে শব্দের পরিবর্তে লাল আলোর সংকেত দেবে লাইফ-এক্স বাল্ব।

লজিটেক, ওয়ার্লপুল, ইফ দিস দেন দ্যাট (আইএফটিটিটি) অ্যাপ ও গুগলের অন্যান্য পণ্যগুলোতেও লিঙ্ক-আপের সুবিধা পাওয়া যাবে। প্রতিটি স্মার্ট থার্মোস্ট্যাট বা স্মোক এলার্মে সর্বচ্চ ১০০০টি লিঙ্ক-আপ করা ব্যবহার করা যাবে, এর বেশি লিঙ্ক-আপের ক্ষেত্রে নেস্টের অনুমোদন নিতে হবে ব্যবহারকারীকে।

চলতি বছরের শুরুতে ৩২০ কোটি ডলারে নেস্টের মালিকানা কেনে সার্চ জায়ান্ট গুগল। বাসস্থানে ব্যবহারযোগ্য আরও উন্নত ডিভাইস তৈরিই লেনদেনটির মুল লক্ষ্য বলে সে সময় সময় দাবি করেছিলেন গুগলের চেয়ারম্যান এরিক শ্মিড।