ওয়ার্ল্ড কাপ অ্যাপ গুগল গ্লাসে
পরিধেয় পণ্য গুগল গ্লাসের জন্য ওয়েব জায়ান্ট গুগল শ্যাজাম, লাইভস্ট্রিম এবং ওয়ার্ল্ড কাপ অ্যাপসহ ১১টি অফিশিয়াল অ্যাপ লঞ্চ করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটির বার্ষিক ডেভলপারস সম্মেলনে অ্যাপগুলো গুগল গ্লাসের জন্য লঞ্চ করার কথা রয়েছে।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, বিগত ছয় মাসে গ্লাসওয়্যার অ্যাপ ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ইতোমধ্যে নতুন অ্যাপগুলোও গ্লাস স্টোরে চলে এসেছে।
নতুন এই অ্যাপগুলোর তালিকায় রয়েছে, ডুয়োলিঙ্গো, রানটাস্টিক, ৯৪ফিফটি বাস্কেটবল, দ্য গার্ডিয়ান, গুইডি গো, জোম্বিস রান, স্টার চার্ট, শ্যাজাম, গোল ডটকম এবং মিউজিক্সম্যাচ। এছাড়াও বিদ্যমান অ্যাপ অলদ্যকুকস-এরও গুরুত্বপূর্ণ আপডেট আসছে বলেই জানিয়েছে ম্যাশএবল।
শ্যাজামের মাধ্যমে রাস্তায় চলা ফেরার সময়ই গুগল গ্লাস দিয়ে কোনটি কোন গান তা জানা যাবে। অন্যদিকে লাইভস্ট্রিমের মাধ্যমে ব্যবহারকারী স্ট্রিম করে সামাজিক মাধ্যমে শেয়ার করতে পারবেন এবং চ্যাট ম্যাসেজ পড়তে পারবেন।
স্বাস্থ্যের প্রতি যত্নবানরা রানটাস্টিক অ্যাপের সাহায্য নিতে পারবন। জানতে পারবেন কতদূর দৌড়েছেন ইত্যাদি। স্টার চার্টের মাধ্যমে গুগল গ্লাসের ক্যামেরা দিয়ে রাতের আকাশের তারা বিশ্লেষণ করা সম্ভব হবে। আবার রান জোম্বিসের মাধ্যমে গুগল গ্লাস ব্যবহারকারী পাবেন ভিন্নস্বাদের অ্যাডভেঞ্চারের মজা।
আর গোল ডটকম গুগল গ্লাস ব্যবহারকারীকে বিশ্বকাপের ব্যাপারে জানাবে। বিশ্বকাপের খেলার অ্যালার্ট, গোল সবই আর্টিকেলসহ জানাবে অ্যাপটি।
