২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপিয়ান ব্যাংকে সাইবার আক্রমণ

সাইবার আক্রমণের শিকার হয়েছেন ইউরোপিয়ান এক ব্যাংকের ১৯০ জনেরও বেশি গ্রাহক। সম্প্রতি নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাব এই বিষয়টি প্রমাণসহ নিশ্চিত করলেও গণমাধ্যমে ব্যাংকটির নাম প্রকাশ করেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2014, 04:31 PM

Updated : 25 Apr 2022, 04:21 PM

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ওই সাইবার আক্রমণে সাত লাখ ডলারেরও বেশি হাতিয়ে নিতে সক্ষম হয়েছেন সাইবার অপরাধীরা।

ক্যাসপারস্কি ল্যাবের তথ্য অনুসারে, মাত্র এক সপ্তাহের মধ্যেই সাইবার অপরাধীরা অর্থ হাতিয়ে নিয়েছে। ওই কাজের জন্য জানুয়ারি মাসে ব্যবহৃত একটি কম্পিউটার সার্ভার চিহ্নিত করতেও সক্ষম হয়েছেন তারা।

কিন্তু সংশ্লিষ্ট কাজে অপরাধীদের চিহ্নিত করার জন্য যেসব প্রমাণ প্রয়োজন ছিল সেগুলো সাইবার অপরাধীরা ইতোমধ্যেই মুছে ফেলেছে বলেই জানিয়েছে ক্যাসপারেস্কি ল্যাব।

সাইবার আক্রমণের শিকার ব্যাংক গ্রাহকরা ইতালি এবং তুর্কির নাগরিক বলেই ধারণা করছে প্রতিষ্ঠানটি। কর্তৃপক্ষকেও সাইবার আক্রমণের বিষয়ে সতর্ক করা হয়েছে বলেই জানিয়েছে নিরাপত্তা প্রতিষ্ঠানটি।

নিরাপত্তা প্রতিষ্ঠানটির ধারণা, সাইবার অপরাধীরা ট্রোজান ভাইরাসের মাধ্যমে অনলাইন ব্যাংক অ্যাকাউন্টধারী গ্রাহকদের উপর সাইবার আক্রমণটি চালিয়েছিল।

এক বিবৃতিতে ক্যাসপারস্কি ল্যাবের প্রধান নিরাপত্তা গবেষক ভিসেন্টে ডিয়াজ বলেছেন, “আমরা যে কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সার্ভারটি চিহ্নিত করেছি সেটিতে ঠিক কোন ম্যালওয়্যার প্রোগ্রামের মাধ্যমে ওই ক্যাম্পেইন চালানো হয়েছে তার কোনো তথ্য পাওয়া যায়নি। আমাদের ধারণা, সম্ভবত ওই ক্যাম্পেইনে ‘জিউস ফ্লেভার’ (এক প্রকার ট্রোজান ভাইরাস) ব্যবহার করা হয়েছিল।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, তাদের সংগৃহিত কম্পিউটার লগের তথ্য অনুসারে, অ্যাকাউন্ট ভেদে দুই হাজার ৩১৪ ডলার থেকে ৫৩ হাজার ৮৫ ডলার পর্যন্ত অর্থ হাতিয়ে নিয়েছে সাইবার অপরাধীরা।

আবারও সাইবার আক্রমণ হতে পারে এমন আশংকায় নিরাপত্তা প্রতিষ্ঠানটি তদন্ত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেই জানিয়েছে বিবিসি।