ফেইসবুকে ঢুকে ধরা খেল চোর
ফেইসবুকে সময় কাটানো এখন যেন দৈনন্দিন জীবনেরই অংশ। তবে চুরি করতে গিয়ে ফেইসবুকিং? হ্যাঁ, ফেইসবুকে মোহগ্রস্ত এক সিঁধেল চোর এমন বোকামিই করেছেন। আর তাতে শেষ পর্যন্ত ধরাও পড়তে হয়েছে তাকে।
ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের মিনাসোটায়।
নিকোলাস উইগ (২৬) নামে ওই সিধেল চোর যুবক মিনাসোটার ডাকোটা শহরে একটি বাড়ি থেকে নগদ টাকা, চেকবই, ক্রেডিট কার্ড, চাবি ও ঘড়ি চুরি করে পালিয়ে যায়। তাকে ধরার অন্য কোনো উপায় ছিল না, যদি না তিনি চুরির ফাঁকে নিজের ফেইসবুক খুলে রেখে না যেতেন।
ভুলবশত ‘নিক ডাব’ নামে নিজের ফেইসবুক প্রোফাইলটি খুলেই চম্পট দেন নিকোলাস উইগ।
ঘটনার দিন খুলে যাওয়া ফেইসবুকের প্রোফাইল ছবি দেখে নিকোলাস উইগকে শনাক্ত করেন বাড়ির মালিক।
বৃষ্টির সময় বাড়িটিতে ঢুকে নিকোলাস নিজের ভেজা জিনস, জুতা ও বেল্ট পাল্টে ওই বাড়ি মালিকের শুকনো কাপড়-চোপড় পড়ে নেন। এক ফাঁকে বাড়ির কম্পিউটার থেকে ফেসবুকিংও করেন।
পরে বাড়ি মালিক এসে বাড়ির দরজা খোলা ও বাড়ির জিনিসপত্র অগোছালো দেখতে পান। পাশাপাশি কম্পিউটারে এক অপরিচিত ব্যক্তির প্রোফাইলও খোলা পান তিনি। বিষয়টি সন্দেহজনক হওয়ায় তৎক্ষণাৎ ফোন করে পুলিশকে জানান বাড়ির মালিক।
নিকোলাস উইগের বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, নিকোলাস উইগ বাড়িটি থেকে নগদ টাকা, চেকবই, ক্রেডিট কার্ড, চাবি ও ঘড়ি চুরি করে নিয়ে যান। এ সময় বাড়ির মেঝেতে নিকোলাস তার ভেজা জিনস, জুতা ও বেল্ট ফেলে যান।
নিকোলাস উইগকে যখন ধরা হয় তখনও তার হাতে পরা ছিল চুরি যাওয়া ঘড়ি। দেহ তল্লাশি চালিয়ে পাওয়া যায়
গাড়ির চাবি ও আইপডও।
রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে নিকোলাসের দশ বছরের জেল ও বিশ হাজার ডলার জরিমানা হতে পারে।
