অবশেষে ‘অ্যান্ড্রয়েড’ জোয়ারে মাইক্রোসফট
এবার অ্যান্ড্রয়েড জোয়ারে গা ভাসাল সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটও। প্রতিষ্ঠানটি ফিনিশ স্মার্টফোন নির্মাতা নোকিয়া কিনে নেওয়ার পর অনেকেই ভেবেছিলেন মাইক্রোসফটের মালিকানায় নোকিয়ার আর কোনো স্মার্টফোন বাজারে আসবে না।
সেই ধারণা ভুল প্রমাণ করে দিয়ে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন নোকিয়া এক্স২ স্মার্টফোন উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।
বার্তাসংস্থা বিবিসি জানিয়েছে মাইক্রোসফটের মালিকানায় যাওয়ার পরও নোকিয়ার ব্র্যান্ডে অ্যান্ড্রয়েড স্মার্টফোন বাজরে আসায় বিস্ময় প্রকাশ করেছেন খোদ প্রযুক্তি বোদ্ধারাই।
“মাইক্রোসফট অ্যান্ড্রয়েড ফোন বানাচ্ছে ভেবে এখনও অবাক লাগছে আমার। কেবল উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর না হয়ে বরং প্রতিষ্ঠানের ভালোর কথা মাথায় রেখেই মাইক্রোসফট এই পদক্ষেপ নিয়েছে বলে মনে হচ্ছে।”-- বলেন টেলিকম কনসালটেন্সি ফার্ম সিসিএস ইনসাইটের বেন উড।
প্রথম প্রজন্মের নোকিয়া এক্স স্মার্টফোন বাজারে এসেছিল ফেব্রুয়ারি মাসে, নোকিয়া মাইক্রোসফটের মালিকানায় যাওয়ার আগেই। এশিয়া বিশেষ করে পাকিস্তান আর ভারতের বাজারে বেশ সাফল্য পেয়েছিল স্মার্টফোনটি। এছাড়া রাশিয়া, কেনিয়া এবং নাইজেরিয়াতেও সাড়া পেয়েছিল স্মার্টফোনটি।
দ্বিতীয় প্রজন্মের নোকিয়া এক্স২-এ আছে ৪.৩ ইঞ্চির ডিসপ্লে, ১ জিবি র্যা ম, ফ্রণ্ট ক্যামেরা, আরও শক্তিশালী ব্যাটারি। দাম হবে ৯৯ ইউরো।
প্রি-লোডেড অ্যাপ হিসেবে আছে মাইক্রোসফটের স্কাইপ, আউটলুক ইমেইল সার্ভিস আর ওয়ারড্রাইভ ইন্টারনেট স্টোরেজ অ্যাপ।
নতুন স্মার্টফোনটি নিয়ে মাইক্রোসফটের ভাইস-প্রেসিডেন্ট অফ মোবাইল ফোনস জুসি নেভানলিনা বলেন, “মূল আইডিয়াটাই হচ্ছে মাইক্রোসফট ক্লাউড সেবা ও আরও নতুন গ্রাহক নিয়ে আসা।”
নোকিয়া এক্স-এর তুলনায় বেশি সংখ্যক অ্যান্ড্রয়েড অ্যাপ চলবে নোকিয়া এক্স২-এ। তবে অ্যাপগুলো ডাউনলোড করতে হবে নোকিয়া স্টোর থেকেই।
