২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেটেন্ট বিষয়ে ঐতিহাসিক রায় যুক্তরাষ্ট্রে

সম্প্রতি এক সফটওয়্যার পেটেন্ট মামলায় ঐতিহাসিক রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত। রায়ে বিচারকরা সর্বসম্মতিতে একটি সফটওয়্যার পেটেন্টকে বাতিল ঘোষণা করেছেন। কারণ হিসেবে বলা হয়েছে, “ইতোমধ্যেই প্রচলিত কোনো কৌশলকে শুধু কম্পিউটারাইজড করলেই সেটির পেটেন্টযোগ্যতা থাকবে না।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 05:57 PM

Updated : 25 Apr 2022, 04:21 PM

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এই সিদ্ধান্ত প্রকৃতপক্ষে প্রযুক্তিজগতকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছে।

এই রায়ের অর্থ অনুযায়ী, পেটেন্টযোগ্যতা পাবার জন্য উদ্ভাবনটি এমন হতে হবে, যা অবশ্যই কম্পিউটার ফাংশনের উন্নতি সাধন করবে বা কোনো বিষয়কে আরও উন্নত করবে এমন নতুন কিছু হতে হবে।

মামলাটিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কভিত্তিক সিএলএস ব্যাংক ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান অ্যালিস কর্পোরেশনের একটি পেটেন্টের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিল। অ্যালিস কর্পোরেশন অর্থেনৈতিক বাণিজ্যসম্পর্কিত একটি ধারণাকে কম্পিউটার সফটওয়্যারে রূপান্তর করেছিল। সিএলএস অভিযোগ করেছিল, অন্যান্য প্রতিষ্ঠানকে নিজেদের পেটেন্টের জোরে অর্থ দিতে বাধ্য করার পাশাপাশি সেসব প্রতিষ্ঠানকে নিজস্ব কোনো কিছু তৈরি করতে দিচ্ছে না অ্যালিস কর্পোরেশন।

মামলায় অ্যালিস কর্পেরেশনের বিপক্ষেই রায় দিয়েছে উচ্চ আদালত এবং সেই সঙ্গে তাদের পেটেন্টটিও বাতিল করেছে। রায়টি এই ধরনের পেটেন্টধারীদের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে বলেই জানিয়েছে বিবিসি।

অন্যদিকে ওয়েব জায়ান্ট গুগল এবং সামাজিক মাধ্যম ফেইসবুক এই রায়কে সাধুবাদ জানালেও ২১ বছর ধরে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পেটেন্টধারী আইবিএম সতর্কবার্তা জানিয়েছে, পেটেন্টযোগ্যতার ক্ষেত্র সীমাবদ্ধ করে দিলে, বিদ্যমান হাজারো স্বত্বাধিকারের বৈধতা প্রসঙ্গে প্রশ্ন উঠবে এবং গবেষণায় বিনিয়োগ করা নিয়ে অনেক প্রতিষ্ঠান নিরুৎসাহিত বোধ করবে।